ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের ভোটের দিন অনিয়ম আর সহিংসতার কারণে ৬৫টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেয় কমিশন। কিন্তু সাত দিন পেরিয়ে গেলেও এ ব্যাপারে দৃষ্টিগ্রাহ্য কোনো পদক্ষেপ নেই। কয়েকটি ঘটনায় মামলা করা হয়েছে বলে নির্বাচন কমিশন দাবি করলেও এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি তারা।
প্রথম ধাপের ওই নির্বাচনের সময়সূচি ঘোষণার পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় অন্তত ২১ জন নিহত ও কয়েক হাজার মানুষ আহত হয়। নির্বাচনের পরদিন এ ব্যাপারে ইসির পক্ষ থেকে সাংবাদিকদের বলা হয়েছিল, দ্বিতীয় ধাপের নির্বাচনে অনিয়ম ও সহিংসতারোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু গতকাল পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এই অবস্থায় প্রথম দফার মতোই হানাহানি ও সহিংসতার আশঙ্কার মধ্যেই আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন। মামলা ও বাড়তি কঠোর ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ গতকাল মঙ্গলবার দুপুরে তাঁর অফিসকক্ষে বসে প্রথম আলোকে বলেন, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার বিষয়টি সরাসরি তত্ত্বাবধান করে ইসি সচিবালয়। সেখান থেকে গতকাল ওই সময় পর্যন্ত কমিশনকে কিছু জানানো হয়নি। হয়তো সব মামলা দায়ের করা সম্পন্ন হলে জানাবে সচিবালয়।
এ ব্যাপারে জানার জন্য ইসির সচিব মো. সিরাজুল ইসলামের কার্যালয়ে গেলে তিনি সময়াভাবে এই প্রতিবেদকের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। তবে ইসির অন্যান্য সূত্রে জানা গেছে, গতকাল দুপুর পর্যন্ত একটি কেন্দ্র থেকেও অনিয়ম-সহিংসতার সঙ্গে জড়িত হিসেবে একজন ব্যক্তির বিরুদ্ধেও মামলা দায়েরের খবর কমিশনে আসেনি।
পরে সচিব টেলিফোনে প্রথম আলোকে বলেন, কিছু কিছু জায়গায় মামলা হয়েছে। তবে তিনি সুনির্দিষ্ট কোথায় মামলা হয়েছে তা বলতে পারেননি।
দ্বিতীয় ধাপের নির্বাচনে বাড়তি কঠোর ব্যবস্থা গ্রহণ সম্পর্কে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, নির্বাচনের প্রথম ধাপ থেকেই ইসি যথেষ্ট কঠোর ব্যবস্থা নিয়েছে। এর অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার তেমন কিছু নেই। তবে এখন আবার সংশ্লিষ্ট সবাইকে সতর্ক দেওয়া হবে যথাযথভাবে দায়িত্ব পালনের জন্য।
২২ মার্চ অনুষ্ঠিত প্রথম ধাপের ইউপি নির্বাচনের পরদিনই ইসি স্থানীয় প্রশাসন ও নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে নির্দেশ দিয়েছিল, নির্বাচনী অনিয়মের সঙ্গে জ্ঞাত-অজ্ঞাত যে-ই জড়িত থাকুক, প্রাথমিক প্রমাণ পাওয়ামাত্র তাদের বিরুদ্ধে মামলা করতে হবে।
সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে ওই চিঠি পাঠানো হয়। তবে ইসি সূত্র জানায়, অনিয়ম-সহিংসতা যেহেতু হয়েছে ভোটকেন্দ্র ঘিরে, তাই জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা ও প্রমাণ সংগ্রহের কাজটি প্রিসাইডিং কর্মকর্তাদের ওপরই বর্তায়।
এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে কয়েকজন প্রিসাইডিং কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রায় প্রতিটি ক্ষেত্রে অনিয়ম-সহিংসতা ঘটিয়েছেন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। যেহেতু প্রিসাইডিং কর্মকর্তারাও ভোটকেন্দ্রগুলোর কাছাকাছি এলাকার লোক, তাই ওই সব রাজনৈতিক কর্মী ও প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা বাড়তি ঝুঁকি মনে করেন তাঁরা। এই কারণে তাঁরা দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজটি যেকোনো অজুহাতে এড়িয়ে যেতে চান।
নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, রাজনৈতিক দলগুলো নিজস্ব পরিচয় ও প্রতীক নিয়ে যুক্ত হওয়ায় এবার ইউপি নির্বাচনে হানাহানি ও সহিংসতা ভিন্ন মাত্রা পেয়েছে। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও তাঁরা উপেক্ষা করার সাহস দেখাচ্ছেন। অনেক ক্ষেত্রে এমন সব রাজনৈতিক ব্যক্তির উপস্থিতি দেখা যায়, যাঁরা অনেক প্রভাবশালী। তাঁদের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক থাকে।
ওই কর্মকর্তারা বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান ইসির দায়িত্ব বটে, তবে মাঠপর্যায়ে এমন কিছু বাস্তবতা আছে, যেখানে ইসি বা স্থানীয় প্রশাসনেরও তেমন কিছু করার থাকে না। এ ব্যাপারে ইসি সব সময় রাজনৈতিক দলের সহায়তা চেয়ে আসছে।