সহিংসতা থেকে বের হতে সংলাপের তাগিদ যুক্তরাজ্যর
নির্বাচনকে কেন্দ্র করে প্রতি পাঁচ বছর পর ফিরে আসা সহিংসতা আর ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে বেরিয়ে আসতে সংলাপের তাগিদ দিয়েছে যুক্তরাজ্য। ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন বৃহস্পতিবার সন্ধ্যায় দেশের চলমান রাজনৈতিক পরিবেশ নিয়ে এ মন্তব্য করেন। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের জ্বালানি পরিকল্পনাবিষয়ক একটি সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনি রাজনীতি নিয়ে তাঁর দেশের অবস্থান তুলে ধরেন।
রবার্ট গিবসন বলেন, ‘অন্য অনেকের মতো বাংলাদেশে গত কয়েক দিনের প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। এ ছাড়া লোকজনের হতাহত হওয়ার ঘটনা, জানমালের ক্ষয়ক্ষতি এবং জনজীবন ব্যাহত হওয়ায় আমাকে ব্যথিত করেছে। বাংলাদেশে আসার পর থেকেই আমি বাংলাদেশের সব রাজনৈতিক দলকে আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধানে উৎসাহ জুগিয়ে আসছি। প্রতি পাঁচ বছর পর নির্বাচনকেন্দ্রিক ধ্বংসাত্মক কার্যকলাপ আর সহিংসতার চক্র থেকে বেরিয়ে আসতে আলোচনা আর সহযোগিতার মাধ্যমে সমাধানের পথ খুঁজে নেওয়ার কথা বলছি।’
অবরোধকে কেন্দ্র করে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে বৈরিতা চরম হচ্ছে। এমন পরিস্থিতি সংলাপের জন্য কতটা সহায়ক জানতে চাইলে যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, ‘আমি মনে করি না, সংলাপ শুধু দুই রাজনৈতিক শিবিরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। নাগরিক সমাজসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সংলাপের প্রক্রিয়ায় যুক্ত করতে হবে। কারণ, নির্বাচনকে কেন্দ্র করে পাঁচ বছর ফিরে আসা সহিংসতা আর ধ্বংসাত্মক তৎপরতার চক্র থেকে বের হয়ে আসতে সবাইকে চেষ্টা চালাতে হবে।’
সম্প্রতি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের ব্যাপারে হাইকোর্টের দেওয়া আদেশের ব্যাপারে জানতে চাইলে রবার্ট গিবসন বলেন, ‘যুক্তরাজ্যের দিকে তাকালে দেখতে পাবেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ করাটা বেশ দুরূহ। আমরা মুক্তচিন্তা ও বাক্স্বাধীনতাকে সমর্থন করি। আবার বাক্স্বাধীনতার মধ্যে দায়িত্বশীল আচরণ থাকবে এটাও প্রত্যাশা করি। আর বাক্স্বাধীনতা আর দায়িত্বশীল আচরণের ভারসাম্য আনাটা বেশ কঠিন।’