সহিংসতা দমনে কঠোর আইন: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরঞ্জিত সেনগুপ্ত। ফাইল ছবি
সুরঞ্জিত সেনগুপ্ত। ফাইল ছবি

রাজনৈতিক সহিংসতা দমনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা রেখে ছয় বছর আগে প্রণয়ন করা কঠোর আইনের বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আজ শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গবন্ধু একাডেমির এক আলোচনা সভায় তিনি এমন তথ্য দেন। 

আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। সহিংসতা বন্ধে অবিলম্বে কঠোর আইন আসছে, যেখানে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন পর্যন্ত সাজা থাকবে। আইনটি নিয়ে পর্যালোচনা চলছে। অচিরেই এর বাস্তবায়ন হবে।’

সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগের চিন্তা

তবে সুরঞ্জিত সেনগুপ্ত ‘কঠোর আইন আসছে’ বলে মন্তব্য করলেও আইনটি ছয় বছর আগেই প্রণীত হয়েছে। ওই আইনে জামিন অযোগ্য, কম সময়ে বিচার এবং মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। 

সুরঞ্জিত বলেন, খালেদা জিয়া পরীক্ষার সময় হরতাল দিয়ে ছাত্রসমাজকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছেন। তিনি ছাত্রসমাজের কাছে ঘৃণ্য হয়েছেন।
বিরোধী জোটের সঙ্গে আলোচনার বিষয়ে সুরঞ্জিত বলেন, খালেদা জিয়া সন্ত্রাসে জয়ী হয়ে, রাজনীতিতে চিরতরে পরাজিত হয়েছেন। তিনি যদি সন্ত্রাস ও সহিংসতার দায় স্বীকার করেন, তবে তাঁর সঙ্গে আলোচনা হতে পারে। এর আগে না।
সংগঠনের সহসভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, সংগঠনের উপদেষ্টা আবদুল হাই কানু প্রমুখ।