বাম শক্তিগুলো ঐক্যের চেষ্টা করেই যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটের রাজনীতিতে অপেক্ষাকৃত দুর্বল বামপন্থী দলগুলো নিজেদের মধ্যে ইস্যুভিত্তিক ঐক্য ও সমঝোতার চেষ্টা করছে। গত দুই মাসে এসব দলের নেতাদের মধ্যে একাধিক বৈঠক ও পারস্পরিক আলোচনা হলেও নিজেদের দূরত্ব ঘোচেনি।
বাম মতাদর্শের অন্যতম দুটি দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। তারা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারে থাকায় তাদের স্বতন্ত্র অবস্থান গুরুত্বহীন ও দুর্বল হয়ে পড়েছে। দল দুটি এখন মূলত বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী জোটের প্রতিপক্ষ হিসেবে কাজ করছে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদের সভাপতি হাসানুল হক ইনু আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটে থাকার পাশাপাশি পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। বাম নেতারা বলছেন, জাতীয় রাজনীতিতে পরিচিত ওই দুই নেতা মন্ত্রী হওয়ার পর তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ড ও ভূমিকা সরকারের সঙ্গে মিলেমিশে গেছে।
হাসানুল হক ইনুর বক্তৃতা-বিবৃতি পর্যালোচনা করে দেখা যায়, প্রায় প্রতিদিন তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জঙ্গিনেত্রী, রাজনীতির শনি, সন্ত্রাসের রানিসহ বিভিন্ন উপাধি দিয়ে বক্তৃতা দিচ্ছেন।
বাম রাজনীতিতে দলটির ভূমিকা সম্পর্কে জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া প্রথম আলোকে বলেন, প্রতিটি দলের মতো জাসদেরও নিজস্ব নীতি-আদর্শ আছে। কিন্তু এই মুহূর্তে দেশ জঙ্গিবাদ, সন্ত্রাস ও সহিংসতায় আক্রান্ত। তাই দেশ ও রাষ্ট্রের অস্তিত্ব রক্ষায় ১৪ দলের সঙ্গে সমন্বিত ভূমিকা রাখাই এখন মূল লক্ষ্য।
রাশেদ খান মেনন মন্ত্রী হওয়ার পর ওয়ার্কার্স পার্টি আবারও ভেঙেছে। সম্প্রতি প্রবীণ এই রাজনীতিবিদের বক্তৃতা-বিবৃতির ধরনেও পরিবর্তন এসেছে। বাম মতাদর্শ প্রচার ও সরকারের সমালোচনায় মুখর থাকলেও এখন এসব বিষয়ে তিনি হিসাবি অবস্থান নিচ্ছেন।
জানতে চাইলে রাশেদ খান মেনন বলেন, ১৪ দলের বাইরেও তাঁর দল সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি পালন করছে। অন্য বাম দলগুলোর মধ্যে যথেষ্ট বিভ্রান্তি আছে উল্লেখ করে তিনি বলেন, তারা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়কে এক পাল্লায় মাপতে চায়। সহিংসতা ও নাশকতার সঙ্গে গুম ও ক্রসফায়ারকে টেনে আনে। বাম বিকল্প শক্তি গড়ে ওঠার সম্ভাবনাও তিনি আপাতত দেখছেন না।
সম্প্রতি মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকটা রসিকতা করে রাশেদ খান মেননকে বলেন, তিনি যেন বিএনপি থেকে তাঁর বোনকে সরিয়ে আনেন। উল্লেখ্য, তাঁর বোন সেলিমা রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান এবং দলের গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে আছেন।
তবে মেনন মন্ত্রী হলেও বাম মতাদর্শ থেকে ওয়ার্কার্স পার্টি বিচ্যুত হয়নি বলে মনে করেন দলটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। প্রথম আলোকে তিনি বলেন, চলমান পরিস্থিতিতে বাম প্রগতিশীল শক্তিগুলো নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছে। তবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাসদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সঙ্গে এখনো যোগাযোগ বা আলোচনা হয়ে ওঠেনি। কিন্তু সেই সম্ভাবনা শেষও হয়ে যায়নি।
ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলন, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদবিরোধী লড়াই, জাতীয় সম্পদ রক্ষা, জামায়াত নিষিদ্ধের আন্দোলনসহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনায় বামপন্থী শক্তিগুলো ভূমিকা রেখেছে। কিন্তু তাদের দুর্বল অবস্থানের জন্য সংশ্লিষ্ট নেতাদের দায়ী করা হয়। বাম রাজনীতির গতিবিধি পর্যালোচনায় দেখা যায়, তারা কোনো সময়ে দীর্ঘদিনের জন্য ঐক্যবদ্ধ হতে পারেনি। কখনো আওয়ামী লীগ বা বিএনপির কাছাকাছি বা সমান্তরাল আন্দোলন করেছে, কখনো আলাদাভাবে কিছু করার চেষ্টা করেছে।
বাম নেতাদের সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে, বাম দলগুলো একমঞ্চে দাঁড়ানোর চেষ্টা করলেও পেছনের ব্যর্থতা তাঁদের তাড়া করছে। এর আগে পাঁচটি বাম দলের সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক ফ্রন্ট ও ১১ দল এগোতে পারেনি। এ দুটো উদ্যোগ ব্যর্থ হওয়ার পর গণতান্ত্রিক বাম মোর্চা নামে আরেকটি জোট গঠিত হলেও তা খুঁড়িয়ে চলছে।
বর্তমান পরিস্থিতিতে ১০টি বাম দল একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছে। দলীয় পরিচয় আলাদা হলেও এসব দল সমমনোভাবাপন্ন। জাসদ, ওয়ার্কার্স পার্টি, বাসদ ও সিপিবি এই শক্তিগুলোর বাইরে রয়েছে।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, রাজনীতিতে দুই বুর্জোয়া দলের আধিপত্যবাদের অবসান ঘটিয়ে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলাই এখনকার সংকট থেকে উত্তরণের একমাত্র পথ। এ লক্ষ্যে রাজপথে সমঝোতার ভিত্তিতে বাম শক্তিগুলোর আন্দোলন গড়ে তুলতে ধারাবাহিক যোগাযোগ চলছে।
সিপিবি ও বাসদ ১৫ দফা দাবিতে প্রায় দুই বছর ধরে একসঙ্গে কর্মসূচি পালন করছে। কিন্তু ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। সিপিবি রুহিন হোসেন প্রিন্স এবং বাসদ বজলুর রশীদ ফিরোজকে মেয়র পদে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে এ প্রসঙ্গে রুহিন হোসেন প্রথম আলোকে বলেছেন, ঐক্য রক্ষার স্বার্থে তিনি দলের সঙ্গে কথা বলে প্রয়োজনে প্রার্থিতা প্রত্যাহার করতে রাজি আছেন।
বাম রাজনীতির সঙ্গে যুক্ত একাধিক নেতা মনে করেন, কেবল সংলাপ করেই চলমান সংকটের স্থায়ী সমাধান হবে না। নব্বই-পরবর্তী দৃষ্টান্ত তুলে ধরে তাঁরা বলেন, এতে সাময়িক সমাধান মিললেও তা পাঁচ বছর পর আবারও মাথাচাড়া দিয়ে উঠবে।
স্থায়ী সমাধান প্রসঙ্গে জানতে চাইলে ওই নেতারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধাপরাধের বিচার একটি বড় ইস্যু। এই বিভাজন নিয়ে জোড়াতালির মাধ্যমে নির্বাচন হলেও তা ভবিষ্যতে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সুখকর হবে না।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে ঐক্য ন্যাপের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য জাতীয় সমঝোতার কথা বলেছেন। পার্বত্য চট্টগ্রাম চুক্তি ইস্যুতে কথা বলতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
জানতে চাইলে পঙ্কজ ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, পরিস্থিতি সামাল দিতে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করাটা অনিবার্য। কিন্তু শুধু প্রশাসনিক ব্যবস্থা নিয়ে চলমান সংকটের সমাধান হবে না। তাঁর মতে, মুক্তিযুদ্ধের চেতনা ও যুদ্ধাপরাধের বিচার নিয়ে জাতি বিভক্ত। এই বিভাজন আগে দূর করতে হবে। প্রয়োজনে জামায়াতকে নিষিদ্ধ করতে হবে। তিনি মনে করছেন, বিএনপির মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন এমন নেতা-কর্মী আছেন। তাঁরা জামায়াতের অংশগ্রহণ ও জোটবদ্ধ উপস্থিতি পছন্দ করেন না।
পঙ্কজ ভট্টাচার্য বলেন, বিএনপিতে জামায়াতবিরোধী অংশটি সরকারি দল আওয়ামী লীগকেও পছন্দ করে না। সে ক্ষেত্রে জামায়াত নিষিদ্ধ করলে, বিএনপি সহিংসতা বন্ধ করলে এবং সরকার সংলাপ শুরু করলে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফিরে আসতে পারে।
সরকারের বাইরে থাকা কয়েকজন বাম নেতার সঙ্গে কথা বলে ধারণা পাওয়া গেছে, তাঁরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছেন। এর ফলে তাঁদের দূরত্ব কমে এলেও একই মঞ্চে আসার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি।
জানতে চাইলে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমরা এখন বাম ও গণতান্ত্রিক সবার কাছে গ্রহণযোগ্য ন্যূনতম কর্মসূচি নিয়ে সামনে এগোতে চাই। তা হচ্ছে গণতান্ত্রিক শাসন কার্যকর করতে যেসব সংস্কার প্রয়োজন, সেগুলো সম্পন্ন করার দাবিতে ঐক্যবদ্ধ কর্মসূচি।’ এর পাশাপাশি এখনই চলমান নাশকতা ও সহিংসতা, রাষ্ট্রীয় সন্ত্রাস ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং দলীয় সন্ত্রাস বন্ধ করা জরুরি বলে মনে করেন তিনি।