সহিংসতা বন্ধে জাতীয় সংলাপ প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দেশে সবার আগে সহিংসতা বন্ধে জাতীয় সংলাপ হওয়া প্রয়োজন। আজ বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাজধানীর খিলগাঁওয়ের পল্লীমা সংসদে আয়োজিত অনুষ্ঠানে চুমকি বলেন, আগে মানবতা, তারপর ক্ষমতা। যে দেশে অন্তঃসত্ত্বা নারীকে পুড়িয়ে মারা হয়, সে দেশে প্রথমে সহিংসতা বন্ধে জাতীয় সংলাপ দরকার। আন্দোলনের নামে অন্তঃসত্ত্বা নারীকে পুড়িয়ে মারা হচ্ছে। তিনি বলেন, চলমান সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী ও শিশু।

প্রতিমন্ত্রী বলেন, ‘সুযোগ পেলে বাংলাদেশের নারীরা ট্রেন, বিমান ও প্যারাস্যুট চালাতে পারে। বর্তমান সরকার নারীদের সেই সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। কিন্তু কিছু বিচ্ছিন্ন ও ধর্মান্ধ লোকের সাহচর্যে খালেদা জিয়া নারীর অগ্রযাত্রাকে ব্যাহত করতে চান।’