চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে গতকাল বুধবারও রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল-সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এ সময় তাঁরা সহিংসতা বন্ধের জন্য বিরোধী দলের প্রতি এবং নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর হতে সরকারের প্রতি দাবি জানান। তাঁরা বলেন, মানুষের জীবনের নিরাপত্তা সরকারকেই দিতে হবে।
সহিংসতা বন্ধের দাবিতে গত কয়েক দিনের মতো গতকালও মানববন্ধন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। মানববন্ধনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, খালেদা জিয়া সন্তান হারিয়েছেন। সবাই আশা করেছিল, এখন তিনি সন্তানহারার বেদনা বুঝে সহিংসতা বন্ধ করবেন। কিন্তু তাঁর সেই বোধোদয় হয়নি।
‘আগুনে মানুষ পোড়ানোর অপরাজনীতি থেকে দেশবাসীকে মুক্তি দিতে অবিলম্বে সব দলের অংশগ্রহণের ভিত্তিতে অর্থবহ সংলাপের দাবি’তে লেখা ব্যানার নিয়ে প্রতীকী অনশন করে ন্যাশনাল লেবার পার্টি। এ সময় সমাবেশে সভাপতিত্ব করেন লেবার পার্টির চেয়ারম্যান আবদুল্লাহ জিয়া।
সমাবেশে প্রধান অতিথি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ৫ জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। দুই নেত্রী দেশের কারও কথা শুনতে রাজি নন উল্লেখ করে তিনি বলেন, মানুষকে আগুনে পোড়ানোর অপরাজনীতি থেকে মুক্তি দিতে একটি জাতীয় সংলাপের প্রয়োজন। ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরুর আগেই সংলাপ আয়োজনের আহ্বান জানান তিনি।
মাহমুদুর রহমান বলেন, রাজনীতিতে লড়াই আছে, কিন্তু এটা কেমন লড়াই—ক্ষমতায় থাকা ও যাওয়ার জন্য সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করতে হবে!
‘আওয়ামী লীগ-বিএনপির নেতৃত্বে দুই জোটের ক্ষমতা দখলের পাল্টাপাল্টি সংঘর্ষ বন্ধ কর, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত কর, জানমালের নিরাপত্তা দাও, শিক্ষা জীবন রক্ষা কর’ লেখা ব্যানার নিয়ে সকালে সমাবেশ করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রাহাত আহমেদ। সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান হাবিব বর্তমান সংকটের জন্য দুই জোটকে দায়ী করে বলেন, তাঁদের ক্ষমতার লড়াইয়ে সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে। এর বিরুদ্ধে জনগণকে জেগে উঠতে হবে।
চলমান রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতার পরিপ্রেক্ষিতে মিছিল করেছে ইসলামী সমাজ। সংগঠনের আমির সৈয়দ হুমায়ুন কবির বলেন, বিভিন্ন জোট ও দলের সহিংস রাজনীতি ও উগ্র কর্মসূচির কারণে জাতীয় জীবনে চরম হতাশা নেমে এসেছে। জাতীয় প্রেসক্লাবের সামনে তাঁরা কর্মসূচি শেষ করেন।