সহিংসতা হলে দায় বিএনপির: ছাত্রলীগ
গাজীপুরে ২৭ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশকে ঘিরে সংঘর্ষ ও সহিংসতা হলে তার দায় বিএনপিকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এইচ এম বদিউজ্জামান বলেন, ‘জাতির পিতাকে অবমাননা ও কটাক্ষের প্রতিবাদে আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজ ছাত্রলীগের সমাবেশ অনুষ্ঠিত হবে। আমাদের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। গাজীপুরে ছাত্র-যুব-শ্রমিক বিভিন্ন পেশার মানুষ ইতিমধ্যে আমাদের বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করেছে।’
তারেক রহমান ক্ষমা না চাইলে আপনারা কি বিএনপির চেয়ারপারসনের সমাবেশ পরবর্তী সময়ও প্রতিহত করবেন? এমন প্রশ্নের জবাবে ছাত্রলীগের সভাপতি বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের কটূক্তির বিপক্ষে সমাবেশ করাটাই হচ্ছে আমাদের অন্যায়ের প্রতিবাদ। তাঁকে অবশ্যই জাতির কাছে ক্ষমা চাইতে হবে। কারণ এখন আমাদের দুই ধরনের লড়াই চলছে। একটি হচ্ছে আইনি লড়াই। আরেকটি হচ্ছে রাজপথের সংগ্রাম। এই ধরনের কর্মসূচি নিয়ে আমরা মাঠে থাকব।’
গতকাল বুধবার বকশীবাজার এলাকায় ছাত্রলীগের হামলা প্রসঙ্গে বদিউজ্জামান দাবি করেন, ‘আমাদের ওপরই আগে আক্রমণ করা হয়েছে। আমাদের অনেক নেতা-কর্মীর ওপর হামলা করা হয়েছে। তাদের এই ঘটনা ছিল উদ্দেশ্যপ্রণোদিত। আমরা বরং সাবেক বিরোধীদলীয় নেত্রীর প্রতি সম্মান দেখিয়েছি।’
উভয় পক্ষ সমাবেশ আহ্বান করায় সহিংসতা আশঙ্কার শঙ্কায় বিভিন্ন শ্রদ্ধেয় ব্যক্তির মন্তব্য সম্পর্কে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘শ্রদ্ধেয় ব্যক্তিদের অনুরোধ করব। আগে জাতির পিতাকে নিয়ে যে কটূক্তি করা হয়েছে তার প্রতিবাদ করুন। তারপর আপনাদের মতামতকে সাধুবাদ জানাব।’ প্রশাসন গাজীপুরে সমাবেশ করার অনুমতি ছাত্রলীগকে দেবে বলে, এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বদিউজ্জামান আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের আদালতে হাজিরাকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এর দায় আমাকে এবং ছাত্রলীগকে দেওয়ার চেষ্টা করেছে।’ তিনি এ সময় সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা কী দেখলেন? বিএনপির পাড়া-মহল্লার হাজার লোক অস্ত্র, লাঠি, বাঁশ নিয়ে খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়া কী প্রমাণ করে? এর সমস্ত ঘটনার সকল দায় বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সহ-সভাপতি জয়দেব নন্দী, নাজমুল ওয়ারেসী, মহিউদ্দিন মাহি, দপ্তর সম্পাদক শেখ রাসেল প্রমুখ।