
নড়াইল সদর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) পাঁচটিতে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। এ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কা করছেন ভোটাররা।
গত দুটি সাধারণ নির্বাচনের আগে ও পরে নড়াইলের বিভিন্ন এলাকায় সহিংস ঘটনা ঘটে। এবার ২৩ এপ্রিল অনুষ্ঠেয় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হামলা ও নির্যাতনের শিকার হতে পারেন বলে বেশ কিছু ভোটার আশঙ্কা করছেন।
আউড়িয়া ইউপিতে পলাশ মোল্যা আওয়ামী লীগের প্রার্থী। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মো. মাসুদ সিকদার। মুলিয়া ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রবীন্দ্রনাথ অধিকারী। এখানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পল্লব কুমার মজুমদার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তুলারামপুর ইউপিতে বুলবুল আহম্মদ নৌকা প্রতীক নিয়ে লড়ছেন। বর্তমান ইউপি চেয়ারম্যান টিপু সুলতান দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। শাহাবাদ ইউপিতে মো. খশরুল আলম নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এখানে মনোনয়ন না পেয়ে দেলোয়ার হোসেন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। হবখালী ইউপিতে মো. রিয়াজুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এসব ইউপির স্বতন্ত্র প্রার্থীরা অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
গত রোববার নাম প্রকাশ না করার শর্তে তুলারামপুর ইউপির বেনাহাটি গ্রামের কয়েকজন ব্যক্তি প্রথম আলোকে বলেন, অনেক রাতে মোটরসাইকেলে করে নৌকা প্রার্থীর সমর্থকেরা তাঁদের কাছে আসেন। তাঁদের নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য শাসিয়ে যান। এরপর আসেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর কর্মী-সমর্থকেরা। এঁরা ঘোড়া প্রতীকে ভোট দিতে বলেছেন। এখন তাঁরা মুশকিলে পড়েছেন। নির্বাচনে পরাজিত পক্ষ তাঁদের বাড়িঘরে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন।
শাহাবাদ ইউপির সরসপুর গ্রামের রণজিত দাস বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমাদের হুমকি-ধমকি দেওয়া শুরু হয়ে গেছে। আলুকদিয়ায় একজনকে গুলি করেছে বলে শুনেছি।’
চণ্ডীবরপুর ইউপির রতডাঙ্গা গ্রামের রমজান আলী বলেন, রোববার রতডাঙ্গা বাজারে দুজন সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া সন্ধ্যায় পাইকমারী গ্রামে সংঘর্ষ হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থী বলেন, প্রায় প্রতিদিনই শহর থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা মোটরসাইকেলের বহর নিয়ে আসেন। এতে সাধারণ ভোটাররা সন্ত্রস্ত হয়ে পড়ছেন।
জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাস কুমার বিশ্বাস বলেন, ইউপি নির্বাচন সামনে রেখে দু-একটি স্থানে সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সামান্য সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি ইউপিতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। তিনি বলেন, ভোটারদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে—এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।