সহিংসতার কারণ বিএনপি: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচন রাজনৈতিকভাবে মোকাবিলা করলে সহিংস ঘটনা কম হতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ রোববার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর এক সভা শেষে সংবাদ সম্মেলনে হানিফ এ মন্তব্য করেন।

গত ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর মার্চে সংঘর্ষের শুরু হয়। সংঘর্ষের ঘটনায় গতকাল শনিবার পর্যন্ত নিহত লোকের সংখ্যা দাঁড়ায় ১০৮। আহত হয়েছেন পাঁচ হাজারের বেশি মানুষ।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি নির্বাচন রাজনৈতিকভাবে মোকাবিলা করলে এ ধরনের সহিংস ঘটনা কম হতো। বিএনপি শুরু থেকেই ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচন ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার পথ বেছে নিয়েছে। এর ফলে যেসব স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মনোনয়ন পাননি, সেসব স্থানে বিদ্রোহী প্রার্থীদের ওপর ভর করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক দ্বন্দ্বকে কেন্দ্র করে কিছু সহিংসতা হয়েছে।
ইউপি নির্বাচনে প্রাণহানির সংখ্যা নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, নির্বাচনের আগে-পরে যে প্রাণহানি হয়েছে, তার সব নির্বাচনকে ঘিরে নয়। এর মধ্যে অনেকেই আছেন পারিবারিক, ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে কিংবা অসুস্থ হয়ে মারা গেছেন। আর এসব মৃত্যুকে নির্বাচনী ঘটনায় ঘটেছে বলে সংযুক্ত করা হয়েছে। এটি আসলে সংখ্যা বৃদ্ধি করে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার কৌশল।
মাহবুব উল আলম হানিফ নির্বাচনের অনিয়ম সম্পর্কে বলেন, সারা দেশে ৩০ হাজারের বেশি কেন্দ্রে ভোট হয়েছে। ৭৬ দশমিক ৮৭ শতাংশ মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচন কমিশন ৩৪৬টি ভোটকেন্দ্র বন্ধ করেছে, যা দশমিক শূন্য ৫ শতাংশের কম। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান আওয়ামী লীগের এই নেতা।
চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রী হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে হানিফ বলেন, এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।
‘গণতন্ত্র সংকুচিত হওয়ায় দেশে গুপ্তহত্যা বাড়ছে’—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য সম্পর্কে হানিফ বলেন, ‘এই কথার মাধ্যমে প্রকারান্তরে কি ফখরুল সাহেব হত্যার দায় স্বীকার করে নিচ্ছেন? তাহলে কি তাঁরা তাঁদের কর্মসূচি পালন করতে পারছেন না বলে এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে প্রমাণ করতে চাইছেন দেশে গণতন্ত্র নাই?’
সংবাদ সম্মেলনের আগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আফজাল হোসেন, ফরিদুন্নাহার লাইলী, ইয়াফেস ওসমান, এস এম কামাল হোসেন, এ কে এম এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী প্রমুখ।