অশান্ত পরিবেশের মধ্যেই আজ ষষ্ঠ ও শেষ ধাপে ৬৯৮টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হতে যাচ্ছে। গতকাল শুক্রবার চট্টগ্রামের আনোয়ারায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছেন। এ নিয়ে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১০৩।
এর আগে কোনো স্থানীয় সরকার নির্বাচনে এত প্রাণহানির ঘটনা ঘটেনি। নির্বাচন কমিশন (ইসি) বলছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির অনুরোধ জানিয়ে দফায় দফায় চিঠি দেওয়া হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় গা করছে না। সর্বশেষ গতকালও সহিংসতা ও প্রাণহানির আশঙ্কা প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে কমিশন। এতে বলা হয়েছে, পঞ্চম ধাপের নির্বাচনে বিভিন্ন স্থানে সংঘাত ও প্রাণহানির ঘটনা ঘটেছে। শেষ ধাপে যাতে ওই ধরনের ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
জানতে চাইলে নির্বাচন কমিশনার আবু হাফিজ প্রথম আলোকে বলেন, কমিশনের কাজ নির্বাচন পরিচালনা করা। নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কমিশনের, এটা কোন আইনে বলা আছে? আইন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তার বাহিনীকে নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষার দায়দায়িত্ব নিতে হবে।
আবু হাফিজ আরও বলেন, আগের ধাপের অভিজ্ঞতা থেকে কমিশন সব জেলা প্রশাসক ও এসপিকে জানিয়ে দিয়েছে, এবার সামান্যতম অনিয়ম হলে ভোট বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে নির্বাচনে সহিংসতার পুরোপুরি দায় নিতে রাজি নয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল প্রথম আলোকে বলেন, ‘কমিশন নিজেদের দায় মন্ত্রণালয়ের ওপর কেন চাপাচ্ছে? আমরা তো আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি। কমিশনের চাহিদা অনুযায়ী মাঠে পুলিশ, বিজিবি, র্যাবসহ অন্যান্য বাহিনী মোতায়েন আছে। বাকি কাজ হলো নির্বাচন সুষ্ঠু করা। সেই দায়িত্ব কমিশনের। এ বিষয়ে মন্ত্রণালয়ের কিছু করার নেই।’
পঞ্চম ধাপ পর্যন্ত মাত্রাতিরিক্ত সহিংসতার কারণে আজকের নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা নিয়ে কমিশন শঙ্কিত। কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, আগে চিঠি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সাড়া পাওয়া যায়নি। তবু গতকাল আবারও চিঠি দিয়ে সহযোগিতা চাওয়া হয়েছে।
গত ২২ মার্চ থেকে ইউপি নির্বাচন শুরু হয়। এখন পর্যন্ত ৫ ধাপে ৩ হাজার ৩৮৬টি ইউপিতে ভোট গ্রহণ হয়েছে। ৫ ধাপেই বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করে প্রকাশ্যে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ব্যালট পেপারে সিল মারা, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সর্বশেষ ২৮ মে পঞ্চম ধাপের নির্বাচনের দিন ১০ জনের প্রাণহানি ঘটেছিল। গতকাল পর্যন্ত সহিংসতায় ১০৩ জন নিহত হলেন। আহত কয়েক হাজার।
নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই টানাপোড়েন সম্পর্কে জানতে চাইলে সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই উল্লেখ করে ইতিমধ্যে কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কয়েক দফা চিঠি দিয়েছে। এর কোনো দরকারই ছিল না। কারণ, পরিবেশ না থাকলে কমিশনের উচিত নির্বাচন বন্ধ করে দেওয়া। সরকার যখন পরিবেশ তৈরি করে দেবে, তখন নির্বাচন হবে।
এম সাখাওয়াত আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কমিশনের কাজে সমন্বয়ের অভাব নির্বাচনের মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সন্ত্রাসীদের অপকর্মে উৎসাহিত করছে।
নির্বাচন কমিশনের গণসংযোগ শাখা গতকাল জানিয়েছে, আজ ৬৯৮টি ইউপিতে ভোট গ্রহণ হবে। এর মধ্যে ২৪টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে আছেন। চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য পদের সব কটিতে মাত্র একজন করে প্রার্থী আছেন।
এবারের নির্বাচনে শুরু থেকেই নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের ওপর কর্তৃত্ব স্থাপন করতে ব্যর্থ হয়েছে। গুটি কয়েক পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যাহার এবং সাতক্ষীরার এসপি ও পাঁচ ওসিকে ডেকে এনে ভর্ৎসনা করা ছাড়া আর কোনো কঠোর ব্যবস্থা নিতে পারেনি কমিশন। তবে বরগুনার সাংসদ শওকত হাচানুর রহমানের বিরুদ্ধে মামলা, রাজশাহীর সাংসদ এনামুল হক ও ওমর ফারুক চৌধুরী, শেরপুরের হুইপ আতিউর রহমানকে সতর্ক করা এবং সর্বশেষ চট্টগ্রামের বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করে প্রশংসনীয় হয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচনী অনিয়মের কারণে কমিশন গত ২১ এপ্রিল গাজীপুরের এসপিকে প্রত্যাহারের নির্দেশ দেয়। কিন্তু মাত্র ১৩ দিনের মাথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিশনের অনুমতি না নিয়ে ওই প্রত্যাহার আদেশ প্রত্যাহার করে নেয়। যদিও আইন অনুযায়ী নির্বাচনকালীন সরকারি কর্মকর্তাদের বদলি করতে হলে কমিশনের অনুমতি নিতে হয়। এ ঘটনায় কমিশন এক চিঠির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছে, গাজীপুরের এসপির ‘প্রত্যাহার আদেশ’ প্রত্যাহারের কাজটি আইনসম্মত হয়নি।
নির্বাচন বিশ্লেষক ও কমিশন সচিবালয়ের মাঠ কর্মকর্তারা মনে করেন, গাজীপুরের এসপির প্রত্যাহার আদেশ প্রত্যাহারের ঘটনাটি মাঠ পর্যায়ে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ ঘটনার পর থেকেই নির্বাচনী সহিংসতা বাড়তে শুরু করে এবং কমিশন পুলিশ প্রশাসনের ওপর সম্পূর্ণ কর্তৃত্ব হারিয়ে ফেলে।