বিএনপি অভিযোগ করেছে, ছয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় ১১৩ জন নিহত ও ১০ হাজার জন পঙ্গু হয়েছেন। এসব সহিংসতাসহ নির্বাচনে অনিয়মের সব দায় সরকার ও নির্বাচন কমিশনের।
গতকাল শনিবার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান সাংবাদিকদের এ অভিযোগের কথা জানান। শেষ ধাপের ইউপি নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে অভিযোগ জানাতে সেলিমা রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে যায়।
কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সেলিমা রহমান সাংবাদিকদের বলেন, এই নির্বাচন কমিশন স্বাধীন নয়। তারা সরকারের হয়ে কাজ করছে। কমিশন স্বাধীন হলে সহিংসতা রোধ করা যেত। বিএনপি প্রতিবারই প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছে, কিন্তু কোনো অভিযোগের সুরাহা হয়নি। প্রধান নির্বাচন কমিশনার বারবার বলেছেন, তাঁরা ব্যবস্থা নিচ্ছেন, পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বাস্তবে সহিংসতা, অনিয়ম বন্ধ হয়নি। তিনি বলেন, ইউপি নির্বাচনের মাধ্যমে প্রমাণ হলো, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
ক্ষমতাসীনদের অধীনে ভবিষ্যতে বিএনপি নির্বাচনে অংশ নেবে কি না—এমন প্রশ্নের জবাবে সেলিমা রহমান বলেন, এটি দলীয় সিদ্ধান্তের বিষয়। তবে তাঁর ব্যক্তিগত উপলব্ধি হলো, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
এর আগে গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ষষ্ঠ ধাপের নির্বাচনেও বিভিন্ন জায়গায় কেন্দ্র দখলের মহোৎসব হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে সরকারের স্বরূপ, আগ্রাসী রূপ প্রকাশ পেয়েছে।
রিজভী বলেন, সরকার বুঝে গেছে, স্বচ্ছ ও অবাধ নির্বাচন করে বিজয়ী হওয়া তাদের পক্ষে সম্ভব নয়। সে জন্যই জবরদখল, রক্তপাত, প্রাণহানি, ডাকাতি, চুরিসহ বীভৎস অরাজক পরিবেশ সৃষ্টি করা হয়েছে।