ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় আরও দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে একজন গাইবান্ধায় ও একজন নড়াইলে নিহত হন। এ ছাড়া ৭ জেলার ১২টি স্থানে বিভিন্ন সহিংসতায় ১০ জন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
গত ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সহিংসতায় এ নিয়ে প্রাণহানি ১০২ জনে দাঁড়াল। ঢাকার বাইরে প্রথম আলোর কার্যালয়, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবরের ভিত্তিতে এ সংখ্যা পাওয়া গেছে।
এদিকে ইউপি নির্বাচনের ষষ্ঠ ও শেষ ধাপে কাল শনিবার ৭২৩টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে। গতকাল রাত ১২টার পর থেকে এসব ইউনিয়নে সব ধরনের প্রচার ও প্রচারণা বন্ধ রয়েছে। এর আগে প্রথম ধাপে ৭১২, দ্বিতীয় ধাপে ৬৩৯, তৃতীয় ধাপে ৬১৫, চতুর্থ ধাপে ৭০৩ ও পঞ্চম ধাপে ৭১৭ ইউপিতে নির্বাচন হয়েছে। এগুলোর মধ্যে অনিয়ম ও সহিংসতার কারণে কিছু ইউপির নির্বাচন আংশিক বা সম্পূর্ণ বাতিল বা স্থগিত করা হয়েছে।
দুজন নিহত: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী তোফাজ্জল হোসেন ও স্বতন্ত্র পদপ্রার্থী শাকিল আকন্দের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে নিহত হয়েছেন আবদুল খালেক (৫০)। তাঁর বাড়ি ইউনিয়নের খামারপাড়া গ্রামে।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার বলেছে, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে খালেকসহ কয়েকজন সমর্থককে নিয়ে মাদারপুর গ্রামে গণসংযোগে যান তোফাজ্জল হোসেন। এ সময় শাকিল আকন্দের সমর্থকেরা তোফাজ্জলের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে তোফাজ্জলসহ চারজন আহত হন। সংঘর্ষ চলাকালে প্রাণ বাঁচাতে দৌড়ে সরে পড়েন খালেক। গতকাল সকালে লোকজন খালেকের লাশ খামারপাড়া গ্রামের একটি জমিতে পড়ে থাকতে দেখেন। পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। খালেকের স্ত্রী এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় অপমৃত্যুর অভিযোগে মামলা করেছেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন নেই। তবে কী কারণে তিনি মারা গেলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
আওয়ামী লীগের প্রার্থীর দাবি, হামলায় তাঁর সমর্থক খালেক মারা গেছেন। এ বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
এদিকে সংঘর্ষের পর আওয়ামী লীগের প্রার্থীর একটি নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর হয়েছে। এ সময় শামীম (২২) নামের সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশে দেয় গ্রামবাসী।
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিমায়েত হোসেন ও দলটির বিদ্রোহী প্রার্থী খান জাহাঙ্গীর আলমের সমর্থকদের মধ্যে গতকাল দুপুরে তেলকাড়া গ্রামে সংঘর্ষে গুলিতে নিশান মুন্সী (৩২) নিহত হন। তিনি দিঘলিয়া পূর্বপাড় গ্রামের বাসিন্দা ও হিমায়েত হোসেনের সমর্থক।
জাহাঙ্গীর ওই গ্রামে গণসংযোগে গেলে কথা-কাটাকাটি থেকে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে নিশান মুন্সীসহ হিমায়েত হোসেনের ১১ জন সমর্থক গুলিবিদ্ধ হন। কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর নিশান মারা যান। গুলিবিদ্ধ অন্য ব্যক্তিরা হলেন আজমল মোল্লা, ইমান শিকদার, তোফায়েল শেখ, শাহ আলম শিকদার, মামুন সরদার, জামাল বিশ্বাস, সুমন, শামীম মোল্লা, শেখ শহীদুল্লাহ ও ফুরাদ শিকদার। তাঁদের মধ্যে সাতজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও তিনজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে হিমায়েতও আহত হন।
লোহাগড়া থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অন্যান্য সহিংসতা: বগুড়ার শাজাহানপুরের মাদলা ইউনিয়নের শ্মশানকান্দি গ্রামে গতকাল ভোররাতে আওয়ামী লীগের প্রার্থী আবদুল বারি মণ্ডলের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগের দিন সন্ধ্যায় মাঝিড়া ইউনিয়নের মাঝিড়া বন্দরে স্বতন্ত্র প্রার্থী আবদুস সালামের কর্মীদের ওপর হামলা হয়। এতে একজন আহত হন।
নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর, পোস্টার ও প্রতীক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতে ত্রিমোহনী বাজার, কুনিয়া ও কচুডুরিয়া এলাকায় এসব ঘটনা ঘটে।
রাজশাহীর বাঘা উপজেলার নতুন ইউনিয়ন চকরাজাপুরে গতকাল আওয়ামী লীগের প্রার্থী বাবুল দেওয়ানের বাসায় হামলা চালান দলের বিদ্রোহী প্রার্থী আজিজুল আযমের সমর্থকেরা। এতে অন্তত ১০ জন আহত হন। ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিদ্রোহী প্রার্থীর আহত দুই সমর্থককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী বাজার, গুদিবাড়ি বাজার ও এক স্বতন্ত্র প্রার্থীর বাড়ির সামনে বুধবার রাতে সাদা মাইক্রোবাসে কয়েকজন লোক গিয়ে ১২টি ফাঁকা গুলি ছুড়েছে।
যশোরের অভয়নগরের বাঘুটিয়া গ্রামের বাসিন্দা কৃষ্ণপদ পালের খড়ের ঘরে বুধবার রাতে আগুন দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ আগুন দেওয়া হয়।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা}