সহিংসতায় নিহতের সংখ্যা ১০০ ছুঁয়েছে

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় নিহত ব্যক্তির সংখ্যা ১০০ ছুঁয়েছে। সর্বশেষ গতকাল বুধবার নরসিংদীর রায়পুরায় বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে লিটন মিয়া (২৬) নিহত হন।
গত ফেব্রুয়ারিতে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গতকাল পর্যন্ত সহিংসতায় এ নিয়ে প্রাণহানির সংখ্যা ১০০-তে দাঁড়াল। ঢাকার বাইরে প্রথম আলোর কার্যালয় এবং জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবরের ভিত্তিতে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। ছয় ধাপের ইউপি নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোট গ্রহণ এখনো বাকি। ৪ জুন ওই ধাপের ভোট গ্রহণ করা হবে।
এ ছাড়া গতকাল ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির একজন চেয়ারম্যান প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। চট্টগ্রামের সাতকানিয়ায় প্রার্থীর গাড়িতে হামলা ও নির্বাচনী কার্যালয় ভাঙচুরের খবর পাওয়া গেছে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
নিহত হলেন আরেকজন: নরসিংদীর রায়পুরার নিলক্ষা ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে গতকাল দুপুরে সংঘর্ষ হয়। সংঘর্ষে লিটন মিয়া নিহত ও উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পেশায় রিকশাচালক লিটন চরসুবুদ্ধি ইউনিয়নের মেহেরনগর গ্রামের মহারাজ মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে ভোট না দেওয়ার অভিযোগে নিলক্ষা ইউপির পরাজিত চেয়ারম্যান প্রার্থী আবদুল হক সরকার ও বিজয়ী প্রার্থী তাজুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে নির্বাচনের পরদিন দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। এর জের ধরে গতকাল সকালে সংঘর্ষ বাধে ও তা ইউনিয়নের সাতটি গ্রামে ছড়িয়ে পড়ে। সংঘর্ষের পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত লিটন মিয়াকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, সংঘর্ষের সময় রায়পুরা থানা-পুলিশ ছাড়াও নরসিংদী থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। লিটন এক পক্ষে ভাড়াটে হয়ে সংঘর্ষে অংশ নেন। তবে তিনি কোনো পক্ষের সমর্থক কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিকেলেও থেমে থেমে সংঘর্ষ হয়।
আরও সহিংসতা: ময়মনসিংহের গফরগাঁওয়ের পাঁচবাগ ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থীর পথসভায় গতকাল আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে হামলা চালিয়ে দুজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত দুজন হলেন আবদুস সাত্তার ও আবদুল কাদের। সাত্তার অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক।
বিএনপির প্রার্থী মাহবুবুল আলম অভিযোগ করেন, দুপুর সাড়ে ১২টার দিকে পালের বাজারে তাঁর পথসভা চলাকালে তিনটি মোটরসাইকেলে এসে আওয়ামী লীগের প্রার্থী শাহ মো. কামরুল ইসলামের কর্মীরা হামলা করেন। হামলাকারীদের রামদার কোপে সাত্তার ও কাদের জখম হন। সাত্তারকে গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে ও কাদেরকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তবে আওয়ামী লীগের প্রার্থী বলেছেন, ‘নির্বাচনী কৌশল হিসেবে বিএনপি নিজেরাই নিজেদের কর্মীদের কুপিয়েছে বলে জেনেছি।’
চট্টগ্রামের সাতকানিয়ায় আমিলাইষ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এইচ এম হানিফের গাড়ি ভাঙচুর করেছেন দলীয় প্রার্থী মো. সারওয়ার উদ্দিন চৌধুরীর সমর্থকেরা। এ সময় গাড়িচালক মিজানুর রহমানকে মারধর করা হয়। বিকেলে ইউনিয়নের সরওয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে কেঁওচিয়া ইউনিয়নের নয়াপাড়ায় বিকেলে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনির আহমদের নির্বাচনী কার্যালয় আওয়ামী লীগের প্রার্থী ওচমান আলীর সমর্থকেরা ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আগের দিন রাতেও মনির আহমদের আরেকটি কার্যালয়ে ভাঙচুর চালায় প্রতিপক্ষ।
পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান সিকদারের প্রচারণায় বাধা ও তাঁর কর্মী-সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।