সহিষ্ণুতার ইঙ্গিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও সংসদের বাইরে থাকা বিরোধী দল বিএনপির পাল্টাপাল্টি ডাকা সমাবেশকে কেন্দ্র করে রাজনীতিতে বেশ উত্তাপ তৈরি হয়েছিল। কিন্তু উত্তেজনা পরিহার ও সমঝোতার আহ্বানের মধ্য দিয়ে সেগুলো শেষ হওয়ায় নাগরিক সমাজ এবং রাজনীতির তৃণমূলেও কিছুটা স্বস্তির ভাব তৈরি হয়েছে।
৫ জানুয়ারিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ ও আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ ঘোষণা করে গতকাল রাজধানীতে পৃথক সমাবেশের আয়োজন করায় সবার মনে ছিল সেই শঙ্কা। অনেকে প্রয়োজন ছাড়া রাস্তায় গাড়িও নামাননি। ফলে, মঙ্গলবার দিনভর শহর ছিল অনেকটাই ফাঁকা। দুই পক্ষের শান্তিপূর্ণ কর্মসূচি ও সহনশীল বক্তব্যকে তাই বিশিষ্টজন ও সাধারণ নাগরিকদের অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন।
গত বছর নির্বাচনের প্রথম বর্ষপূর্তিতে টানা প্রায় তিন মাস নাশকতা, সহিংসতা ও মানুষ পুড়িয়ে মারার ঘটনা ঘটে। সেই অভিজ্ঞতার আলোকেই এবারও এই ভয় ছিল। তবে সেই পরিস্থিতি কেটে গিয়ে একে অপরকে সুষ্ঠু রাজনীতি, আলোচনা ও গণতন্ত্রের পথে থাকার আহ্বান জানানোটা গত দুই বছরের অনড় অবস্থার তুলনায় কিছুটা অগ্রগতি বলে পর্যবেক্ষকেরা মনে করছেন।
জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান প্রথম আলোকে বলেন, বিএনপি বেশ কিছুদিন নরম সুরে কথা বলছে, হরতাল বা অবরোধ করছে না। আগেই তারা শান্তিপূর্ণ সমাবেশের কথা বলেছে। এগুলো ভালো লক্ষণ। তবে তাঁর মতে, এর পাশাপাশি সরকারকেও তার অবস্থান ও মনোভাব পরিবর্তন করতে হবে। বিরোধী দলকে নিয়ে আলোচনা বা সংলাপে বসে কয়েকটি মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে।
গত জানুয়ারি-পরবর্তী রাজনৈতিক সংকটে গঠিত কয়েকজন বিশিষ্ট নাগরিকের সংগঠন উদ্বিগ্ন নাগরিক সমাজের একজন ছিলেন হাফিজউদ্দিন খান। ওই সংগঠনটি দেশের রাজনীতি ও শাসনব্যবস্থার উন্নয়নে একদিকে সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংশোধন এবং কমপক্ষে আটটি সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান সংস্কারের কথা বলেছিল। এগুলো হচ্ছে জাতীয় সংসদ, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, তথ্য কমিশন, মানবাধিকার কমিশন ও আমলাতন্ত্র।
এ প্রসঙ্গে হাফিজউদ্দিন খান বলেন, ‘সংলাপ বা সংস্কার শুধু নির্বাচনকেন্দ্রিক হলেই চলবে না। দেশে এখন গণতন্ত্র নেই, নির্বাচিত একনায়কতন্ত্র চলছে। এ জন্য সাংবিধানিক সমস্যা যেমন দায়ী, তেমনি দায়ী রাজনৈতিক দলগুলোর কারসাজি। এই অবস্থা থেকে বের হয়ে প্রতিষ্ঠানগুলো সংস্কার বা পুনর্গঠন ছাড়া সুশাসন নিশ্চিত করার আর কোনো উপায় নেই।’
দশম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে অবিলম্বে ‘সুষ্ঠু’ নির্বাচনের দাবি জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আর এই নির্বাচন অনুষ্ঠানের জন্য সব দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নিতেও ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান তিনি। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, খালেদা জিয়া সরকারের সমালোচনা করলেও তাতে যুক্তি ছিল। এ ছাড়া সরকার পতনের কথা তিনি বলেননি, যে লক্ষ্যে গত বছর তিনি আন্দোলন শুরু করেছিলেন।
অন্যদিকে শান্তিপূর্ণ রাজনীতি এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আসুন, আমরা শান্তিপূর্ণ রাজনীতি এগিয়ে নিয়ে যাই। দেশে নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে। ওই নির্বাচনে একটি জীবনও হত্যার প্রয়োজন হবে না।’ সৈয়দ আশরাফের এই আহ্বানকেও ইতিবাচকভাবে দেখছেন অনেকেই। যদিও অন্য নেতাদের বক্তব্যের বেশির ভাগজুড়েই ছিল বিএনপি ও তার চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সমালোচনা।
নির্দলীয় সরকারের অধীনে ভোটের দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি ও তার শরিকেরা। ওই নির্বাচনের আগে ও পরে বিভিন্ন সময়ে প্রধান দুই দলের মধ্যে সংলাপের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এলেও কখনোই তা ফলপ্রসূ হয়নি। গত বছর নির্বাচনের বর্ষপূর্তিতে অবরোধ-হরতালের দীর্ঘ ও সহিংস কর্মসূচির পর গতকালের সমাবেশই ছিল খালেদার বড় কোনো জনসভায় অংশগ্রহণ।
খালেদা জিয়ার গতকালের বক্তব্য সম্পর্কে সাধারণ প্রতিক্রিয়া হচ্ছে, এত দিন পর তিনি যে বক্তব্য দিয়েছেন, তাতে যুক্তি ছিল, উসকানি ছিল না। সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বক্তব্য দিয়ে তিনি যে বিতর্ক সৃষ্টি করেন, তার বিপরীতে গতকালের বক্তব্য অনেকটা পরিষ্কার এবং সরকারের সমালোচনা করলেও তা বেশ মার্জিত ছিল বলেই তাঁরা মত দিচ্ছেন।
দুই দলের কর্মসূচি সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং উদ্বিগ্ন নাগরিক সমাজের আহ্বায়ক এ টি এম শামসুল হুদা প্রথম আলোকে বলেন, ‘অনেক দিন পর বিএনপি একটি প্রকাশ্য কর্মসূচি এবং একই দিন আওয়ামী লীগও কর্মসূচি পালন করেছে। এটা একটা অগ্রগতি মনে হলেও এ নিয়ে মন্তব্য বা বিশ্লেষণ করাটা একটু আগাম হবে বলে মনে হয়। এ জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে চাই।’ ড. হুদার মতে, ‘উদ্বিগ্ন নাগরিক সমাজের পক্ষে আমরা যেসব সংস্কারের প্রস্তাব করেছিলাম, সেগুলো বিবেচনা করা উচিত। আজ হোক, কাল হোক গণতন্ত্র, সুশাসন ও সুষ্ঠু নির্বাচন চাইলে ওই সংস্কার ও রাজনৈতিক সমঝোতার দিকেই যেতে হবে।’
গতকালের রাজনৈতিক কর্মসূচি রাজনীতিতে অগ্রগতি কি না জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আবদুল লতিফ মাসুম প্রথম আলোকে বলেন, ‘যেকোনো বড় দুর্যোগ বা ধ্বংসের পর মেরামত বা নির্মাণের কাজ চলে। আমাদের দেশেও দুই পক্ষের রাজনৈতিক সংস্কৃতিতে যে ফাটল ও সংকট তৈরি হয়েছে, সেখান থেকে বের হতে হবে।’ ড. লতিফ মাসুম বলেন, ‘এই পরিস্থিতিতে শাসকের দায়িত্ব বেশি। কিন্তু আমাদের শাসকের কর্তৃত্ববাদী প্রবণতা গণতান্ত্রিক রীতিনীতি ব্যাহত করেছে। এর কারণ ভোটে নির্বাচিত হওয়ার নিশ্চয়তা কমে যাওয়া।’
সরকারের পাশাপাশি বিরোধীদের সমালোচনা করে ড. মাসুম বলেন, বিএনপির ভুল কর্মকাণ্ডে মানুষের মধ্যে ধারণা সৃষ্টি হয়েছে যে, দলটি প্রতিহিংসা ও সহিংসতার রাজনীতি করে। অথচ মানুষ চায় শুভেচ্ছার রাজনীতি, সৌজন্যবোধের রাজনীতি।