সাঁথিয়ায় আ.লীগের কমিটি গঠন নিয়ে মতভেদ
দীর্ঘ ১২ বছর পর গত শনিবার পাবনার সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মতামতের ভিত্তিতে সভাপতি নির্বাচন করা গেলেও সাধারণ সম্পাদক পদে মতভেদ দেখা দেয়। তাই এ পদে কাউকে নির্বাচিত করা যায়নি।
দলের কয়েকজন নেতা-কর্মী জানান, ২০০২ সালে উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। ২০১০ সালের ১৮ জানুয়ারি সেই কমিটি বিলুপ্ত করে গঠন করা হয় আহ্বায়ক কমিটি।
সকাল ১০টায় সাঁথিয়া পৌরসভা মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন পাবনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম সাইদুল হক। এ ছাড়া প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ এবং প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক উপস্থিত ছিলেন।
বিকেলে দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। মতামতের ভিত্তিতে আবদুল্লাহ আল মাহমুদ সভাপতি নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদ নিয়ে চরম মতভেদ দেখা দেয়। ওই পদে নির্বাচিত হওয়ার ব্যাপারে হাসান আলী খান, রবিউল করিম ও তপন হায়দার অনড় থাকলে শেষ পর্যন্ত কাউকে নির্বাচিত করা যায়নি। রাত ১০টার দিকে সাধারণ সম্পাদক পদে ১৫ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়ে সম্মেলন শেষ করা হয়।
এ ব্যাপারে শামসুল হক বলেন, ‘বিদ্যুৎবিভ্রাট না ঘটলে আমরা সাধারণ সম্পাদককে ভোটের মাধ্যমে হয়তো ওই দিনই (সম্মেলনের দিন) পেয়ে যেতাম। কাউন্সিলরদের ভোটে ১৫ নভেম্বর সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।’