সাঁথিয়ায় আ.লীগের সম্পাদক পদে নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচন আজ শনিবার। ১ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে মতামতের ভিত্তিতে সাধারণ সম্পাদক নির্বাচিত না হওয়ায় এ নির্বাচন হচ্ছে।
নির্বাচনকে ঘিরে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ১২ বছর পর ১ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে মতামতের ভিত্তিতে আবদুল্লাহ আল মাহমুদ সভাপতি নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদ নিয়ে মতভেদ দেখা দেয়। শেষ পর্যন্ত ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচন করার সিদ্ধান্ত হয়। সেই হিসেবে আজ ২৬৭ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচন করবেন। এ পদে নির্বাচন করছেন তপন হায়দার ও হাসান আলী খান।
এলাকার কয়েকজন বাসিন্দা ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, এই নির্বাচনকে ঘিরে উপজেলায় সাজ সাজ রব পড়ে গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ভরে উঠেছে দুই প্রার্থীর পোস্টার, ব্যানার ও ফেস্টুনে।
উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ জানান, ১ নভেম্বরের সম্মেলনের বর্ধিত রূপ হলো ১৫ নভেম্বরের নির্বাচন। নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হওয়ায় প্রমাণিত হয়, দলে শতভাগ গণতন্ত্র বিদ্যমান।