সাঁড়াশি অভিযানের নামে বিএনপির ওপর চড়াও হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি দমনে সাঁড়াশি অভিযানের নামে সরকার বিএনপির ওপর চড়াও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রতিপক্ষের হামলায় আহত হয়ে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ভেরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী আজিজুর রহমানকে গতকাল শুক্রবার দেখতে গিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের এই শঙ্কার কথা জানান। এ সময় তিনি চিকিৎসকদের কাছ থেকে আজিজুর রহমানের চিকিৎসার খোঁজখবর নেন।
জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে গতকাল থেকে এক সপ্তাহের সাঁড়াশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘এই সাঁড়াশি অভিযান তাদের সেই কৌশল, যে কৌশলের মাধ্যমে তারা জনগণের আন্দোলনকে দমিয়ে রেখেছিল। আজকে সাঁড়াশি অভিযানের অজুহাত নিয়ে তারা আবারও বিরোধী দলের ওপর চড়াও হবে বলে আমরা আশঙ্কা করছি।’ তিনি বলেন, সাঁড়াশি অভিযানের কথা বলে ইতিমধ্যে ক্রসফায়ার বা তথাকথিত বন্দুকযুদ্ধের ঘটনা বেড়ে গেছে। ইতিমধ্যে বন্দুকযুদ্ধে নয়জন নিহত হয়েছেন।