বরগুনা জেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. শাহজাহান স্বাক্ষরিত এক চিঠিতে গত বুধবার এই নির্দেশ দেওয়া হয়।
জেলা বিএনপির কয়েকজন নেতা বলেন, সাংগঠনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনার জন্য আগামী কয়েক দিনের মধ্যে জেলা কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জেলার পাঁচটি উপজেলা (সদর বাদে) ও চারটি পৌর কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটির নেতাদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব ওয়ার্ড ও ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন ও ২৪ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। উপজেলা ও পৌর কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি করায় নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়। পৃথক সংবাদ সম্মেলন করে পাঁচটি উপজেলা ও পৌর কমিটির সাবেক নেতারা আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে জেলা সভাপতি মাহবুবুল আলম মোল্লা ও সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ আনেন। পরে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও জেলায় সাংগঠনিক কর্মকাণ্ডে অচলাবস্থার বিষয়ে জানাতে জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম মোল্লা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কর্নেল (অব.) আবদুল খালেক, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হালিমসহ কয়েকজন নেতার নেতৃত্বে জেলার ছয়টি উপজেলা ও পাঁচটি পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ নেতারা ১৩ অক্টোবর ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা জেলা বিএনপির কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানান। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে মো. শাহজাহান স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার জেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিতের ওই নির্দেশ দেওয়া হয়।
কর্নেল (অব.) আবদুল খালেক বলেন, জেলা বিএনপির কার্যক্রম গতিশীল করতে জেলা কমিটি পুনর্গঠনের জন্য আহ্বায়ক কমিটি করার কার্যক্রম শুরু হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি মাহবুবুল আলম মোল্লা গতকাল শনিবার বলেন, ‘জেলা বিএনপির কার্যক্রম স্থগিত করা হয়েছে এমন খবর মৌখিকভাবে শুনেছি, কোনো চিঠি পাইনি।’