সাংগঠনিক দুর্বলতা ও কারচুপি কারণ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিএনপির প্রার্থীদের ভরাডুবি হয়েছে। সাত ইউপিতে বিএনপির প্রার্থীরা পরাজিত হয়েছেন। অন্য একটি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিএনপির নেতা-কর্মীরা মনে করছেন, সাংগঠনিক দুর্বলতা, অযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া ও ভোট কারচুপির কারণেই এমন ফল হয়েছে।

জেলা বিএনপির সহসভাপতি জামিলুর রশিদ খান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে যাচাই-বাছাই করা হয়নি। যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়নি। ভোট কারচুপি ছাড়াও দলের নেতা-কর্মীদের নিষ্ক্রিয়তা ও সাংগঠনিক দুর্বলতায় দলের প্রার্থীদের এমন পরাজয় হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, গত শনিবারের নির্বাচনে দীঘি, নবগ্রাম ও কৃষ্ণপুর ইউপির ভোটকেন্দ্রের আশপাশে বিএনপির নেতা-কর্মীদের তেমন উপস্থিতি ছিল না।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দীঘি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী ৭ হাজার ৯৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। বিএনপির প্রার্থী মতিয়ার রহমান পেয়েছেন ৪ হাজার ১৩ ভোট। পুটাইল ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আবদুল জলিল ৯ হাজার ৯৩ ভোট পেয়ে জয়ী হন। এখানে বিএনপির প্রার্থী সোয়েব আহমেদ পেয়েছেন ৩ হাজার ৩৯৯ ভোট। হাটিপাড়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মনির হোসেন ১১ হাজার ৭০৭ ভোট পেয়ে জয়ী হন। এই ইউপিতে বিএনপির প্রার্থী শরিফুল আলম পেয়েছেন ৩ হাজার ৬৩ ভোট। আটিগ্রাম ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নূরে আলম ৮ হাজার ৯৩৬ ভোট পেয়ে জয়ী হন। এখানে বিএনপির প্রার্থী হাকিম লর্ড পেয়েছেন ৪ হাজার ২৭ ভোট। কৃষ্ণপুর ইউপিতে ৬ হাজার ৫৮৪ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী বিপ্লব হোসেন জয়ী হন। এই ইউপিতে বিএনপির প্রার্থী আদম আলী পেয়েছেন ২ হাজার ৭৭১ ভোট।
নবগ্রাম ও ভাড়ারিয়া ইউপিতে চেয়ারম্যান পদে দুই স্বতন্ত্র প্রার্থী জয়ী হন। নবগ্রাম ইউপিতে স্বতন্ত্র প্রার্থী রাকিব হোসেন ফরহাদ ৪ হাজার ১৬৪ ভোট পেয়ে জয়ী হন। এখানে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন ৩ হাজার ৮৮৮ ও বিএনপির প্রার্থী ৩ হাজার ৮৩ ভোট পেয়েছেন। ভাড়ারিয়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আবদুল কাদের ৪ হাজার ৬৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এখানে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন ২ হাজার ৮৪৯ ও বিএনপির প্রার্থী সাইফুল হক ২ হাজার ৭৯৩ ভোট পেয়েছেন। বেতিলা-মিতরা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী নাসির হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
পুটাইল ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী সোয়েব আহমেদ অভিযোগ করেন, প্রশাসনের ছত্রচ্ছায়ায় আওয়ামী লীগের কর্মীরা ভোটকেন্দ্রে ব্যাপক কারচুপি করেছেন।
দীঘি ইউপির বিএনপির প্রার্থী মতিয়ার রহমান বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের হুমকি-ধমকির কারণে তিনি আত্মগোপনে ছিলেন। তা ছাড়া তাঁর কর্মী-সমর্থকেরা গ্রেপ্তার-আতঙ্কে বাড়িছাড়া হয়েছেন। এ কারণে ইউপির নয়টি কেন্দ্রের কোনোটিতেই তাঁর এজেন্ট ছিলেন না। এ সুযোগে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সব কটি কেন্দ্রে ঢুকে জাল ভোট দিয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করেছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম বলেন, সব ইউপিতেই সুষ্ঠু ভোট হয়েছে। পরাজিত হয়ে বিএনপির প্রার্থীরা কারচুপির মিথ্যা অভিযোগ করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে জেলা সদরের সাতটি ইউপিতে চেয়ারম্যান পদে ভোট হয়। এতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, স্বতন্ত্রসহ ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপির কয়েকজন প্রার্থীকে মনোনয়ন সংগ্রহ ও জমাদানে বাধার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা সদরের গড়পাড়া ও জাগীর ইউপিতে নির্বাচন স্থগিতের ঘোষণা দেয় নির্বাচন কমিশন।