বাংলাদেশে ব্যবসায় বড় সমস্যা সাংঘর্ষিক রাজনীতি
সাংঘর্ষিক রাজনীতি, ঘুষ, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারকে বাংলাদেশে ব্যবসা পরিচালনার সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাজ্য সরকার। ব্রিটিশ বিনিয়োগকারীদের নির্দেশনার জন্য প্রস্তুত করা বাংলাদেশ সংক্রান্ত ওই প্রতিবেদনে বলা হয় দেশটির রাজনীতিবিদ, আমলা এবং আইনশৃঙ্খলা বাহিনী বিবেচনামূলক ক্ষমতা ব্যবহারের মাধ্যমে প্রভাব বিস্তার করে। তাদের ক্ষমতার অপব্যবহারের উল্লেখযোগ্য সংখ্যক ঘটনাও দৃশ্যমান।
বাংলাদেশে বৈদেশিক বাণিজ্য ঝুঁকি (ওভারসিজ বিজনেস রিস্ক: বাংলাদেশ) শীর্ষক এই নির্দেশনামূলক প্রতিবেদনটি গতকাল বুধবার যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বাংলাদেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিরাজমান ঝুঁকিগুলো কী, সেই বিষয়ে ব্রিটিশ কোম্পানিগুলোকে নির্দেশনা দিতেই প্রকাশ করা হয় এই প্রতিবেদন। রাজনীতি ও অর্থনীতি, ঘুষ ও দুর্নীতি, সন্ত্রাসবাদ, মানবাধিকার, সংঘবদ্ধ অপরাধ, মেধাস্বত্ব এবং প্রতিরক্ষামূলক নিরাপত্তা উপদেশ—এই সাতটি উপশিরোনামে ঝুঁকিগুলোর বর্ণনা করা হয়েছে।
বাংলাদেশকে একটি সংসদীয় গণতন্ত্র এবং মুক্তবাজার অর্থনীতির দেশ হিসেবে উল্লেখ করে নির্দেশনায় বলা হয়, দেশটির রাজনীতি প্রধান দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপির আধিপত্য নির্ভর। দল দুটির মধ্যে সম্পর্ক অত্যন্ত নাজুক এবং রাজনৈতিক প্রক্রিয়া সবসময়ই সাংঘর্ষিক ও কেন্দ্রীভূত।
বাংলাদেশে বিচার পাওয়ার কাজটি দুরূহ হতে পারে মন্তব্য করে প্রতিবেদনে বলা হয়, আদালতগুলো মামলার ভারে জরাজীর্ণ এবং আইনের প্রয়োগও বেশ দুর্বল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে প্রায়ই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, শারীরিক নির্যাতন এবং দুর্নীতির অভিযোগ পাওয়া যায়।
ঘুষ ও দুর্নীতিকে বাংলাদেশের একটি ভয়াবহ সমস্যা হিসেবে উল্লেখ করে নির্দেশনায় বলা হয়, শুধু যুক্তরাজ্য নয়, বিশ্বের যেকোনো দেশে যুক্তরাজ্যের নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর জন্য ঘুষ প্রদান এবং গ্রহণ দুটোয় বেআইনি। দুর্নীতিকে বাংলাদেশে বেসরকারি খাতের উন্নয়নে বড় বাধা হিসেবে বিবেচনা করা হয় উল্লেখ করে নির্দেশনায় আরও বলা হয়, বাংলাদেশে গণমাধ্যম, সুশীল সমাজ এবং দাতা সংস্থাগুলোর অব্যাহত প্রচেষ্টা সত্ত্বেও ঘুষ ও দুর্নীতি মানুষের দৈনন্দিন জীবনের অনেকাংশে জেঁকে বসেছে। ঘুষ ও দুর্নীতি রোধের সরকারি প্রক্রিয়াতেও স্বচ্ছতার অভাব রয়েছে। প্রক্রিয়াগুলো আমলাতান্ত্রিক বাড়াবাড়ির দোষে দুষ্ট।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং বিশ্বব্যাংকের ষ্ক্রইজি অব ডুয়িং বিজনেস জরিপে বাংলাদেশের অব্যাহত পিছিয়ে পড়ার বিষয়টিও এতে উল্লেখ করা হয়েছে। ২০১৪ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ইনডেক্সে মোট ১৭৫ দেশের তালিকায় বাংলাদেশ আগের বছরের ১৩৬ থেকে সরে ১৪৫ তম স্থান অধিকার করে। আর ষ্ক্রইজি অব ডুয়িং বিজনেস জরিপে মোট ১৮৯ দেশের তালিকায় বাংলাদেশের স্থান হয় ১৩০।
সন্ত্রাসবাদের ঝুঁকি সম্পর্কে বলা হয়, সাম্প্রতিককালে বাংলাদেশে সন্ত্রাসী হামলার বড় কোনো ঘটনা না ঘটলেও দেশটিতে হামলার ঝুঁকি নেই—এমনটি মনে করা যাবে না। ২০০৫ সালের পর থেকে সন্ত্রাস দমনে সরকারের উদ্যোগের প্রশংসা করা হয় প্রতিবেদনে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো বড় উদ্বেগের বলে এতে উল্লেখ করা হয়। এ সম্পর্কে আরও বলা হয়, বাংলাদেশ মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক আইনের বেশ কয়েকটি সনদে স্বাক্ষরকারী দেশ হলেও এ বিষয়ে অভ্যন্তরীণ আইনের প্রয়োগ বেশ দুর্বল। ট্রেড ইউনিয়নের স্বাধীনতা এবং শিশুশ্রমের মতো বিষয়ে চরম উদ্বেগ বিদ্যমান।
এ ছাড়া বাংলাদেশে পণ্যের নকল করা এবং মেধাস্বত্ব আইনের দুর্বলতার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয় প্রতিবেদনে। বাংলাদেশে সংঘবদ্ধ অপরাধ চক্রের তৎপরতা নেই উল্লেখ করে বলা হয়, তৃতীয় বিশ্বের অনেক শহরের তুলনায় ঢাকা অনেক নিরাপদ। তবে পকেট চুরি, ছিনতাই কিংবা ডাকাতির মতো ঘটনাগুলো সময়-সময় ঘটে থাকে।
চলতি বছরের প্রথম তিন মাস রাজনৈতিক অস্থিরতায় ব্যবসায়িক খাতে বড় ক্ষতি হওয়া সত্ত্বেও অর্থনৈতিক প্রবৃদ্ধি শক্তিশালী রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, গত ১৫ বছর ধরে ৫ থেকে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা দেশটি চলতি বছরও ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে বলে আশা করছে। অব্যাহত প্রবৃদ্ধির কারণে দারিদ্র্য জনগোষ্ঠীর হার ২০০৫ সালের ৪০ শতাংশ থেকে কমে ২০১৪ সালে ৩০ শতাংশের নিচে নেমে আসে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশ আসে পোশাক খাত থেকে। যা মোট দেশজ আয়ের (জিডিপি) প্রায় ১২ শতাংশ। এই পোশাক রপ্তানির ৯০ শতাংশই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এবং যুক্তরাষ্ট্র আমদানি করে।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৪ সালের ৫ জানুয়ারি প্রধান বিরোধী দল বিএনপির নির্বাচন বর্জনের মুখে অর্ধেকের বেশি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়ে আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরে। বিরোধী পক্ষ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাইলেও শেখ হাসিনার সরকার ২০১১ সালে সংবিধানের এক বিতর্কিত সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেয়। বর্তমানে জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় থাকলেও তারা সরকারের মন্ত্রিত্ব গ্রহণের মাধ্যমে এক ভিন্নধর্মী অবস্থান উপভোগ করছে। সর্বশেষ অনিয়মের অভিযোগ তুলে গত এপ্রিলে অনুষ্ঠিত সিটি নির্বাচনের মাঝপথে বিএনপির সরে দাঁড়ানোর ঘটনা নতুন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার সুযোগ নষ্ট করে।