সাংবাদিক মারধরের ঘটনায় ছাত্রলীগের তিনজন বহিষ্কার
সাংবাদিক মারধরের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কার হওয়া তিনজন হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ও ইতিহাস বিভাগের ৪০তম ব্যাচের ছাত্র মহিতোষ রায় টিটো, সহসম্পাদক ও মার্কেটিং বিভাগের একই ব্যাচের ইকরাম উদ্দিন অমি এবং ছাত্রলীগের কর্মী ও পরিসংখ্যান বিভাগের ৪৩তম ব্যাচের ছাত্র ইকরাম নাহিদ। এর আগে তাঁরা সাময়িক বহিষ্কার হয়েছিলেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানান, টিটোকে দুই বছর এবং অমি ও নাহিদকে ছয় মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। একই সঙ্গে এই তিনজনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ছাত্রলীগের কর্মী ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪২তম ব্যাচের ছাত্র বায়েজিদ ইসলামকে সতর্ক করা হয়েছে।
এই চারজনই বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। গত ৮ জুন রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. শফিকুল ইসলাম মারধরের শিকার হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ২৭ জুন জরুরি সিন্ডিকেট সভায় টিটো, অমি ও নাহিদকে সাময়িক বহিষ্কার করা হয়।