সাংবাদিক হত্যায় জড়িতদের ছাড় নয়: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ
হাছান মাহমুদ

সিরাজগঞ্জে সাংবাদিক নিহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এ হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগের মুখপাত্র এবং দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘যে বা যারা এ ঘটনার জন্য দায়ী, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। দলে অনুপ্রবেশকারীরা এ ঘটনার সঙ্গে যুক্ত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।’
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ধারাবাহিক মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক সমাবেশে হাছান মাহমুদ এসব কথা বলেন।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘দল ক্ষমতায় থাকায় দলে এখন অনুপ্রবেশকারীদের প্রবেশ ঘটছে। এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’
মিথ্যাচার ও ষড়যন্ত্র বিএনপির রাজনীতির মূলমন্ত্র উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘জনগণের কথা ভুলে ক্ষমতায় যাওয়ার অভিলাষে বিএনপি এখন নির্বাচন কমিশন ও নির্বাচন নিয়ে সারাক্ষণ কথা বলছে। বিএনপিকে আমি বলব, দয়া করে জনগণের ইস্যু নিয়ে কথা বলুন। জনগণের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো ইস্যু নিয়ে আপনারা কথা বললে আমরা স্বাগত জানাব।’

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির রাজনীতি এখন তাদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করার মধ্যেই সীমাবদ্ধ। কারণে-অকারণে বিএনপির নেতারা সংবাদ সম্মেলন করে সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যাচার করছে। ভারতীয় রাষ্ট্রদূতের পুলিশ একাডেমি পরিদর্শন নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গতকালের সংবাদ সম্মেলন ছিল ধারাবাহিক মিথ্যাচারেরই অংশ। ইতিপূর্বে ভারতের অনেক রাষ্ট্রদূত পুলিশ একাডেমি ভ্রমণ করেছিলেন।

হাছান মাহমুদ আরও বলেন, যুক্তরাষ্ট্রসহ বহু দেশের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা পুলিশ একাডেমি পরিদর্শন করেছেন। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত দেশের ৬৪টি জেলায় ভ্রমণ করেছেন। তখন বিএনপি কিছু বলেনি। প্রকৃতপক্ষে অন্য কোনো ইস্যু না পেয়ে বিএনপি এখন এটিকে ইস্যু বানাতে চাইছে।