সাংবাদিক হত্যায় বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আমলে সাংবাদিক হুমায়ুন কবির বালু, মানিক সাহাকে হত্যা করা হয়েছে। সাংবাদিক হত্যা ও নির্যাতনে বিএনপি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ সাংবাদিক আবদুল হাকিম গত শুক্রবার মারা গেছেন। এ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, বর্তমান সরকারের সময় রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকদের ওপর যত নির্যাতনের ঘটনা ঘটেছে, অতীতে কখনো এমনটা হয়নি।
ফখরুলের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘বিএনপির কোন কোন নেতা-কর্মীকে আওয়ামী লীগ হত্যা করেছে, তা তারা বলুক। অথচ আওয়ামী লীগের নেতা আহছান উল্লাহ মাস্টার, শাহ এ এম এস কিবরিয়াসহ ২১ হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। সেসব ভুলে গিয়ে এখন বিএনপি নেতা যা বলছেন, তা ভূতের মুখে রাম নাম ছাড়া আর কিছু নয়।’
এর আগে নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে কমিউনিটি পুলিশিংয়ের একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কমিউনিটি পুলিশিং হচ্ছে একটি সেতু। এই সেতু জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে আনার সেতু। তিনি বলেন, কমিউনিটি পুলিশিং যদি সত্যিকার অর্থে সেই সেতুর কাজ করতে পারে, তাহলে সমাজে বিশ্বাস, ভালোবাসা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে।