সাংবাদিকরা সমাজের দর্পণ: হানিফ
সাংবাদিকদের সমাজের দর্পণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘রাজনীতিকদের বক্তব্য, নীতি-আদর্শ তারা প্রচার করে। কিন্তু গত পরশু একজন মন্ত্রী তাদের সম্পর্কে বক্তব্য দিয়ে ভুল-বোঝাবুঝির সৃষ্টি করেছে, যা দুঃখজনক।’
আজ সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে স্বেচ্ছাসেবক লীগের ১৫ আগস্টের আলোচনা সভায় হানিফ এসব কথা বলেন।
রাজনীতিক ও সাংবাদিকেরা পরস্পরের পরিপূরক, মন্তব্য করে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘সে (সৈয়দ মহসিন আলী) ইতিমধ্যে দুঃখ প্রকাশ করেছে। আশা করি, সাংবাদিকরা ওই ঘটনা ভুলে যাবে। আমরা এখনো একযোগে কাজ করছি, ভবিষ্যতেও করে যাব।’
সাংসদ হানিফ বলেন, ‘গতকাল বিএনপি নেত্রী তাঁদের বৈঠকে বলেছেন—এখন এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন না। আপনার শুভবুদ্ধির উদয় হয়েছে, এ জন্য ধন্যবাদ। আশা করি, ১৫ আগস্ট জন্মদিন পালন করবেন না—এই ঘোষণা দিয়ে আরেকটি শুভবুদ্ধির পরিচয় দেবেন।’ বিএনপি আলোচনা চাইলে সংবিধান অনুযায়ী করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউছারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা মোস্তফা জালাল মহিউদ্দীন, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নির্মেলন্দু গুহ, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ।