সাংবিধানিক সংকটের 'সুযোগ' সৃষ্টি হয়েছে: ফখরুল
সংসদ ও বিচার বিভাগের মধ্যে যে বিরোধ দেখা দিয়েছে, তাতে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টির ‘সুযোগ’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক প্রতিবাদ সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা প্রত্যাহার ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) একাংশ ওই সভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, ‘আজকে বিচার বিভাগ ও পার্লামেন্টের মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়েছে, সংকট সৃষ্টি হয়েছে, তাতে সাংবিধানিক সংকটের সুযোগ সৃষ্টি হয়েছে।’
আলাপ-আলোচনার মাধ্যমে দেশের সংকট মোকাবিলার পথ বের করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, চলমান সংকট নিরসনে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন প্রয়োজন। সে নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ নির্বাচন কমিশনও প্রয়োজন। মির্জা ফখরুল অভিযোগ করেন, এখন দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। আওয়ামী লীগ ভিন্ন কায়দায় একদলীয় শাসন চাপিয়ে দিচ্ছে। মানুষের কোনো উন্নয়ন হয়নি। ক্ষমতাসীনরা শত শত কোটি টাকা বিদেশে পাঠিয়েছেন।
সোমবার মহানগর বিএনপির সমাবেশ: নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির এক যৌথ সভা শেষে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে কাল সোমবার ঢাকা মহানগর বিএনপি সমাবেশ করবে। ইতিমধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়েছে।