সাংসদ আমানুর ও তাঁর তিন ভাইকে বহিষ্কারের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৩ আসনের সরকারদলীয় সাংসদ আমানুর রহমান খান (রানা) ও তাঁর তিন ভাইকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ। টাঙ্গাইল জেলা পরিষদের সভাকক্ষে গতকাল সোমবার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান।

সাংসদ আমানুর ও তাঁর ভাইদের আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্তে উল্লাস প্রকাশ করেছেন বিভিন্ন সময়ে তাঁদের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন আনন্দ মিছিল করেছে।

জরুরি সভা শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যায় সাংসদ আমানুর ও তাঁর ভাইদের নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া কারাগারে আটক অবস্থায় আমানুর ছাত্রলীগের নেতা আবু সাঈদকে হত্যার নির্দেশ দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। তাই এই খুনি চক্রের বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল বলেন, সভার কার্যবিবরণী অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হবে।

সাংসদ আমানুরের অন্য তিন ভাই হলেন টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান (মুক্তি), ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি সানিয়াত খান (বাপ্পা) ও ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান (কাকন)। তাঁরা তিনজনই পলাতক রয়েছেন।

ক্ষতিগ্রস্তদের উল্লাস

বিভিন্ন সময় সাংসদ আমানুর ও তাঁর পরিবারের সদস্যদের হাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের স্বজনেরা গতকাল জেলা আওয়ামী লীগের সভা চলাকালে জেলা পরিষদ চত্বরের আশপাশে অবস্থান নেন। সভায় এই চারজনকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে জানার পর কান্নায় ভেঙে পড়েন আওয়ামী লীগের নিহত নেতা ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ। তিনি বলেন, ‘আমানুররা চার ভাই আওয়ামী লীগকে কলঙ্কিত করেছে।’

সাবেক পৌর কাউন্সিলর রুমি চৌধুরীর ভাই স্বপন চৌধুরী অভিযোগ করেন, তাঁর ভাইকে আমানুর ও তাঁর ভাইয়েরা হত্যা করেছেন। আজ পর্যন্ত ভাই হত্যার বিচার পাননি। উল্টো তাঁদের এলাকাছাড়া করা হয়েছিল।

টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলী খোকন ও সাধারণ সম্পাদক শামিম তালুকদার খুন হন ১৯৯৯ সালে। তাঁদের পরিবারেরও অভিযোগ, আমানুরের পরিবারের সদস্যরা এই দুজনকে হত্যা করেছেন।

জেলা আওয়ামী লীগের সভা শেষে জেলা পরিষদ এলাকা থেকে নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে পথসভা করে।

আমানুরের জামিনের বিষয়ে আদেশ কাল

নিজস্ব প্রতিবেদক জানান, ফারুক আহমেদ হত্যা মামলায় সাংসদ আমানুরের করা জামিন আবেদনের ওপর কাল বুধবার আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট। গতকাল আবেদনের শুনানি শেষে বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।

আদালতে জামিন আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও ড. বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি করে হত্যা করা হয়। এই মামলায় গত বছরের ৩ ফেব্রুয়ারি আমানুর, তাঁর তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর আমানুর গত ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়।