সাংসদ আমানুর ও তাঁর ভাইয়েরা আ.লীগ থেকে বহিষ্কৃত হচ্ছেন
আওয়ামী লীগের সাংসদ আমানুর রহমান খান (রানা) ও তাঁর ভাইদের আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হচ্ছে। মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার অভিযোগপত্রে আমানুর ও তাঁর ভাইদের নাম আসায় এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জেলা আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন।
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় সাংসদ আমানুর, তাঁর ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান (মুক্তি), ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি সানিয়াত খান (বাপ্পা) ও ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খানসহ (কাকন) ১৪ জনের বিরুদ্ধে গত ৩ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। এই চার ভাইসহ ১০ অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে হুলিয়া ও ক্রোক পরোয়ানা জারি করেন আদালত। পুলিশ আমানুর ও তাঁর ভাইদের বাড়ি থেকে গত ২০ মে মালামাল ক্রোক করে।
গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্র জানায়, ফারুক হত্যা মামলায় আমানুর ও তাঁর ভাইদের জড়িত থাকার বিষয়টি তদন্তে বের হয়ে আসে ২০১৪ সালের সেপ্টেম্বরে। তার পরপরই জাহিদুর ও সানিয়াত দেশ ত্যাগ করেন। ওই বছর নভেম্বরে আমানুর ও তাঁর অপর ভাই সহিদুর আত্মগোপনে চলে যান। তাঁরা আত্মগোপনে যাওয়ার পর টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সম্মেলনে সহিদুর সাধারণ সম্পাদক পদ হারান। গত অক্টোবরে জেলা আওয়ামী লীগের সম্মেলনের মধ্য দিয়ে দলের জেলা কমিটি বিলুপ্ত হলে আমানুরের ধর্মবিষয়ক সম্পাদকের পদ চলে যায়। পরে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলে আমানুর বা তাঁর কোনো ভাইকে কোনো পদে রাখা হয়নি।
পুলিশি তদন্তে ফারুক হত্যা মামলায় আমানুর ও তাঁর ভাইদের জড়িত থাকার বিষয়টি উঠে আসার পরই তাঁদের দল থেকে বহিষ্কারের দাবি ওঠে। ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদের নেতৃত্বে তাঁদের বহিষ্কারের দাবিতে আন্দোলন গড়ে ওঠে। এবার জেলা আওয়ামী লীগের সম্মেলনে নাহার আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক পদ লাভ করেন। তা ছাড়া ওই আন্দোলনের সঙ্গে যুক্ত ডজন খানেক ব্যক্তি জেলা আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পান।
গত বুধবার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভায় বিবিধ আলোচনায় সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম আমানুর ও তাঁর ভাইদের বহিষ্কারের বিষয়টি উত্থাপন করেন। তিনি সভাকে জানান, যেহেতু পুলিশি তদন্তে এবং একাধিক আসামির জবানবন্দিতে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যার সঙ্গে আমানুর ও তাঁর ভাইদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এবং তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তাই তাঁদের বহিষ্কার করা প্রয়োজন। তখন সভায় উপস্থিত অধিকাংশ সদস্য এই প্রস্তাবের প্রতি সমর্থন জানান। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান। তিনি সভা থেকেই কেন্দ্রীয় নেতা আবদুর রাজ্জাকের সঙ্গে মুঠোফোনে এ ব্যাপারে কথা বলেন।
জোয়াহেরুল ইসলাম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, খুব শিগগির আমানুর ও তাঁর ভাইদের দল থেকে বহিষ্কারের অ্যাজেন্ডা দিয়ে জেলা আওয়ামী লীগের সভা আহ্বান করা হবে এবং তাঁদের দল থেকে বহিষ্কার করা হবে। তিনি বলেন, তাঁদের বহিষ্কারের ব্যাপারে জেলা আওয়ামী লীগের সবাই একমত।
এ প্রসঙ্গে ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ প্রথম আলোকে বলেন, খুনিদের স্থান আওয়ামী লীগে হতে পারে না। যেহেতু তদন্তে প্রমাণিত হয়েছে যে আমানুর ও তাঁর ভাইয়েরা ফারুক হত্যায় জড়িত, তাই তাঁদের বহিষ্কার করা হবে।
২০১৩ সালের ১৮ ডিসেম্বর রাতে শহরের কলেজপাড়া এলাকার বাসার সামনে থেকে জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। জেলা গোয়েন্দা পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০১৪ সালের আগস্টে আনিসুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে আদালতে দেওয়া তাঁদের জবানবন্দিতে ফারুক আহমেদের হত্যার সঙ্গে সাংসদ আমানুর ও তাঁর ভাইদের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে।