সাংসদ আমানুরকে বহিষ্কারের দাবিতে ছাত্রলীগের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ আমানুর রহমান খান রানা ও তাঁর সহযোগীদের আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় ছাত্রলীগ। উপজেলা সদরের টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বিজয় একাত্তর চত্বরে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত এই অবরোধ ও সমাবেশ হয়।
আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা এবং ছাত্রলীগ নেতা আবু সাঈদ ওরফে রুবেলের ওপর হামলার পরিকল্পনার অভিযোগে সাংসদ আমানুর ও তাঁর সহযোগীদের আওয়ামী লীগ থেকে বহিষ্কারের এ দাবি তুলেছে স্থানীয় ছাত্রলীগ।
হামলার শিকার আবু সাঈদ সমাবেশে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমি সাংসদের হয়ে অপকর্ম করি না—এই আমার অপরাধ। আমি আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যার বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছি। তাই আমাকে হত্যার পরিকল্পনা করেছেন সাংসদ আমানুর।’
ঘাটাইল ব্রাহ্মণশাসন গণমহাবিদ্যালয় (জিবিজি) কলেজ ছাত্রলীগের আয়োজনে সমাবেশে বক্তব্য দেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, পৌর মেয়র শহিদুজ্জামান খান, লোকের পাড়ার ইউপি চেয়ারম্যান শরীফ হোসেন, জিবিজি কলেজ ছাত্র সংসদের সহসাধারণ সম্পাদক (এজিএস) রঞ্জু আহমেদ প্রমুখ।