সাংসদ ও তাঁর মেয়ের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দস ও তাঁর মেয়ে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি কোহেলী কুদ্দুসের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাংশের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল সোমবার ওই অভিযোগ করা হয়।

এর আগে গতকাল জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা পরিষদের মিলনায়তনেদোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে সাংসদ-সমর্থিত উপজেলা ও পৌর যুব মহিলা লীগ। ওই অনুষ্ঠানে সাংসদ প্রধান অতিথি ও তাঁর মেয়ে কোহেলী প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। সভাপতিত্ব করেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি নাছরিন সুলতানা।

বক্তব্য দেন পৌর যুব মহিলা লীগের সভাপতি কাওছার জাহান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, বিয়াঘাট ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, নাজিরপুর ইউপি চেয়ারম্যান শওকত রানা, চাপিলা ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ ও দলের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাংশ গতকাল দুপুরে ওই সংবাদ সম্মেলন করে। চাঁচকৈড় বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল বারী সভাপতিত্ব করেন। তিনিই লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সম্পাদক পৌর মেয়র শাহনেওয়াজ আলী, নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাসুদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, সাংসদ ও তাঁর মেয়ে কোহেলী ক্ষমতার দাপটে সরকারি ত্রাণ বিতরণ, প্রতিষ্ঠানে নিয়োগ-বাণিজ্য, মনোনয়ন-বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়ছেন।

শাহনেওয়াজ বলেন, ২০১৪ সালে আবদুল কুদ্দুস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে বেশি। আওয়ামী লীগ ও তাঁর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যাতে তাঁর (সাংসদ) কাছে থাকতে না পারেন, সে জন্য তিনি নেতা-কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করছেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপেক্ষা করে দলীয় নানা কর্মসূচি করছেন। সাংসদ ও তাঁর মেয়ের সংগঠনবিরোধী দলীয় কর্মকাণ্ডের প্রতিকার চেয়ে জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় নেতাদের কাছে দলের পক্ষ থেকে রেজল্যুশন পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে কোহেলী কুদ্দুস বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি তাঁদের সঙ্গে রয়েছেন। আওয়ামী লীগ তাঁদের সঙ্গে নেই, এটা সত্য নয়। সাংসদ বলেন, দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ সত্য নয়। অভিযোগকারীরাই দলের ভেতর বিভেদ সৃষ্টি করছেন। তাঁর মেয়ের রাজনৈতিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে তাঁরা বিষোদ্‌গার করছেন।