সাংসদ ও পুলিশের বিরুদ্ধে আওয়ামী লীগ নেত্রীর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পরিষদের নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ এনে সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ ও দুটি থানার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক কামরুন নাহার। তাঁর অভিযোগ নির্বাচন কমিশনে পাঠিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক।

জেলা প্রশাসন সূত্র জানায়, কামরুন নাহার নির্বাচনে ‘কারচুপি, গুরুতর অনিয়ম ও জোরপূর্বক প্রকাশ্যে ভোট নেওয়ার’ অভিযোগ তুলে ২ জানুয়ারি জেলা প্রশাসককে চিঠি দেন। তিনি চট্টগ্রাম ১৩, ১৪ ও ১৫ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন। গত ২৮ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, ‘কামরুন নাহারের অভিযোগ তদন্ত করতে আমরা নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়ে দিয়েছি। নির্বাচন কমিশন এ বিষয়ে শুনানি করতে পারে।’

কামরুন নাহার লিখিত অভিযোগে উল্লেখ করেন, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মু. নেজামউদ্দিন নদভীর স্ত্রী রেজিয়া নদভী লোহাগাড়া ও সাতকানিয়া কেন্দ্রে ছিলেন। রেজিয়া নদভী হরিণ প্রতীকে চেয়ারম্যান ও মেম্বারদের ভোট দিতে বাধ্য করেন। থানার পুলিশ কর্মকর্তারাও তাঁর হয়ে কাজ করেন। হরিণ প্রতীক নিয়ে নির্বাচন করে জয়ী হন শাহিদা আকতার।

কামরুন নাহার বলেন, ‘ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করায় সাতকানিয়া ও লোহাগাড়ায় আমি পিছিয়ে পড়ি। অথচ বাঁশখালীতে সুষ্ঠু নির্বাচন হওয়ায় আমার প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়েছি।’

এ বিষয়ে সাতকানিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন বলেন, ‘মাস খানেক আগে আমি যোগ দিয়েছি। নির্বাচনের দিন দায়িত্বে ছিলাম। ভোটারদের কেউ প্রভাবিত করেছেন কি না, আমার জানা নেই।’

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গতকাল শুক্রবার বিকেলে মুঠোফোনে সাংসদ আবু রেজা মু. নেজামউদ্দিন নদভীর সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু রিং হলেও ফোন ধরেননি তিনি। তাঁর ব্যক্তিগত সহকারী মো. এরফানুল করিম চৌধুরী জানান, সাংসদ নদভী কক্সবাজারে অবস্থান করছেন।