সাংসদ কামাল মজুমদারের স্ত্রীর কোনো অলংকার নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামাল আহমেদ
কামাল আহমেদ

ঢাকা–১৫ আসনে তিনবারের নির্বাচিত সাংসদ কামাল আহমেদ মজুমদারের স্ত্রীর কোনো অলংকার নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেওয়া হলফনামায় তিনি এমনটাই উল্লেখ করেছেন। অথচ গত ১০ বছরে তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ বেড়েছে ছয় গুণের বেশি।

নবম জাতীয় সংসদ নির্বাচন ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদারের দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।

নবম সংসদ নির্বাচনের জন্য দেওয়া হলফনামায় কামাল আহমেদ মজুমদারের অস্থাবর সম্পদের তালিকায় তাঁর নামে স্বর্ণ, অন্যান্য মূল্যবান ধাতু ও পাথর নির্মিত ২০ ভরি অলংকারের দাম দেখানো হয়েছিল ২০ হাজার টাকা। আর স্ত্রীর নামে ১০ ভরি স্বর্ণের দাম দেখানো হয়েছিল ৫০ হাজার টাকা। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া হলফনামায় সাংসদের নামে ২০ হাজার টাকার অন্যান্য মূল্যবান ধাতু ও পাথর নির্মিত অলংকারের কথা উল্লেখ থাকলেও স্ত্রীর নামে কোনো অলংকারের কথা উল্লেখ নেই।

হলফনামায় কামাল আহমেদ মজুমদারের পেশা উল্লেখ করা হয়েছে ‘ব্যবসা, কৃষি, মৎস্য ও খামার’। ১০ বছর আগে কৃষি খাত থেকে আয় ছিল ৩ লাখ টাকা। বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান ও অন্যান্য ভাড়া থেকে আয় ৫৫ লাখ ৩৮ হাজার ৫০৮ টাকা। প্রার্থীর ওপর নির্ভরশীলদের আয় ১৬ হাজার ৮২৫ ও ব্যবসা থেকে আয় ছিল ৯৮ হাজার ৫০০। শেয়ার, সঞ্চয়পত্র কিংবা ব্যাংক আমানত ও চাকরি থেকে কোনো আয় দেখানো হয়নি।

এবারের হলফনামায় কৃষি খাত থেকে আয় দেখানো হয়েছে ৩৩ হাজার ১০০ টাকা, যা নবম সংসদ নির্বাচনের হলফনামার তুলনায় ২ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা কম। ব্যবসায়ের আয় ৯৮ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ১২ হাজার ২০০ টাকা। বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান ও অন্যান্য ভাড়া থেকে আয় ১৮ লাখ ৬৪ হাজার ৫২৪ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ লাখ ৩ হাজার ৩২ টাকায়। শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে আয় দেখানো হয়েছে ৪ হাজার ৪৯৯ টাকা। আর সাংসদ হিসেবে প্রাপ্ত ভাতা ২৩ লাখ ২৭ হাজার ৩০০। সব মিলিয়ে এই ক্ষেত্রে ১০ বছরে তাঁর আয় বেড়েছে ৬৪ লাখ ৪৩ হাজার ১২৩ টাকা।

অস্থাবর সম্পদ বেড়েছে ছয় গুণের বেশি
নবম সংসদ নির্বাচনের হলফনামায় কামাল আহমেদ মজুমদারের অস্থাবর সম্পদের হিসাবে নিজ নামে নগদ অর্থের পরিমাণ ছিল ৪৮ লাখ ১ হাজার ৩৭৫ টাকা। স্ত্রীর নামে ছিল ৪ লাখ ৯৬ হাজার ১৮৫ টাকা। একাদশ সংসদ নির্বাচনের হলফনামায় দেওয়া তথ্য অনুসারে সাংসদের নিজের নামে নগদ অর্থের পরিমাণ দেখানো হয়েছে ২২ লাখ ৩০ হাজার টাকা, যা ১০ বছর আগের তুলনায় ২৫ লাখ ৭১ হাজার ৩৭৫ টাকা কম। আর স্ত্রীর নামে এখন কোনো নগদ অর্থ নেই।

এ ছাড়া ১০ বছরে সাংসদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা অর্থের পরিমাণ বেড়েছে ৫১ লাখ ৩ হাজার ৯৩২ টাকা। বন্ড, ঋণপত্র ও স্টক এক্সচেঞ্জে শেয়ারের পরিমাণ বেড়েছে ১ কোটি ১০ লাখ ৬২ হাজার ১১৪ টাকার। বাস, ট্রাক, মোটরগাড়ি ও মোটরসাইকেলের আর্থিক মূল্য নবম সংসদ নির্বাচনের হলফনামার তুলনায় ১৯ লাখ ৫০ হাজার টাকা বেশি দেখানো হয়েছে। এ ছাড়া নবম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় স্ত্রীর নামে ১০ ভরি পরিমাণ স্বর্ণ দেখানো হলেও এবার তা দেখানো হয়নি। কেবল সাংসদের নামে ২০ হাজার টাকার পরিমাণ স্বর্ণ ও মূল্যবান ধাতুর পরিমাণ উল্লেখ করা হয়েছে। দুটি হলফনামাতেই ২ লাখ ৪৭ হাজার টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ৩ লাখ ১৮ হাজার টাকার আসবাবের কথা উল্লেখ আছে। এ ছাড়া ‘অন্যান্য পিস্তল, শটগানসহ’ আলাদা একটা ক্যাটাগরিতে সর্বমোট ৫ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৮৭৩ টাকার হিসাব দেখানো হলেও বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। সব মিলিয়ে এবারের হলফনামায় সাংসদের বর্তমান অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৮ কোটি ১১ লাখ ৯৬ হাজার ৩৭১ টাকার। ১০ বছর আগের তুলনায় যা ৬ কোটি ৭৭ লাখ ৯ হাজার ৫৪৪ টাকা বেশি।

স্থাবর সম্পদ
নবম সংসদ নির্বাচনের হলফনামায় কামাল আহমেদ মজুমদার তাঁর কৃষিজমির পরিমাণ দেখিয়েছিলেন ৬ হাজার ১৬১ দশমিক ২৩ শতাংশ। এর আর্থিক মূল্য দেখানো হয়েছিল ২৯ লাখ ৯৪ হাজার ৬৬০ টাকা। ১০ বছর পরের হলফনামায় কৃষিজমির পরিমাণ ও অর্থমূল্য একই দেখানো হয়েছে। আগের হলফনামায় ২৪৪ দশমিক ৯০ শতাংশ অকৃষিজমি দেখানো হলেও এবার তা দেখানো হয়নি। আগের হলফনামায় ২ কোটি ২০ লাখ ১৪ হাজার ৫১৮ টাকা মূল্যের দুটি বাড়ি ও অ্যাপার্টমেন্টের হিসাব দেওয়া হয়েছিল। এবারের হলফনামায় দুটি বাড়ি ও অ্যাপার্টমেন্টের মূল্য ৪৫ লাখ টাকা বেশি দেখানো হয়েছে। এ ছাড়া বাড়ি ও বাণিজ্যিক ভবন ভাড়া বাবদ নেওয়া অগ্রিম অর্থের পরিমাণ দেখানো হয়েছে ৯৪ লাখ ৫৪ হাজার ৮০৬ টাকা। ১০ বছর আগের তুলনায় যা ৪৯ লাখ টাকা বেশি।