সাংসদ জাফরের কারণে পালিয়ে বেড়ানোর অভিযোগ যুবলীগ নেতার
কক্সবাজারের চকরিয়া উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি মোজাফফর হোসেনের অভিযোগ, তিনি এক মাসের বেশি সময় ধরে পরিবারসহ পালিয়ে বেড়াচ্ছেন। কক্সবাজার–১ আসনের সাংসদ জাফর আলমের কারণে এলাকায় ফিরতে পারছেন না এবং জমি দখলের অভিযোগ করেছেন এই যুবলীগ নেতা। তবে সাংসদ অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতার বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করেন।
আজ মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাংসদ জাফর আলমের বিরুদ্ধে নানান অভিযোগ নিয়ে এক সংবাদ সম্মেলন করেন যুবলীগ নেতা মোজাফফর হোসেন।
পরিবারসহ বাড়ি ছাড়া হয়েছেন উল্লেখ করে মোজাফফর হোসেন বলেন, ‘আমাদের বাড়ি অবরুদ্ধ অবস্থায়। মানবেতর জীবনযাপন করছি। করোনার সময়ও বাড়ি থাকতে পারছি না। শুধু তাঁর (সাংসদের) কথামতো চলিনি। তাঁর কাজে সমর্থন দিইনি বলে এ রকম করছেন। তিনি আমার পরিবারকে পথে বসিয়েছেন।’
চকরিয়ায় এই যুবলীগ নেতার প্রায় এক একর জমি, লবণশিল্পের ব্যবসা ও চিংড়িঘের দখল সাংসদ জাফর দখল করেছেন বলে অভিযোগ করেন সংবাদ সম্মেলনে। লিখিত বক্তব্যে মোজাফফর হোসেন বলেন, চকরিয়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে তিনি কাজ করেন এবং প্রার্থী বিজয়ী হয়। কিন্তু সাংসদের ভাতিজাও সেখানে প্রার্থী ছিলেন। পছন্দের প্রার্থীর পক্ষে কাজ না করাতেও সাংসদ ক্ষুব্ধ হন।
সাংসদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে যুবলীগ নেতা ১২ পৃষ্ঠার অভিযোগ তুলে ধরেন। জমি ফিরে পেতে এবং স্বাভাবিক জীবনযাপন করতে তিনি প্রধানমন্ত্রীসহ স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
অভিযোগের বিষয়ে কক্সবাজার–১ আসনের সাংসদ জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘তাঁর (মোজাফফর) যুবলীগে কোনো পদ নেই। তিনি বরং প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে স্থানীয় মানুষের জায়গা জমি দখল করেছেন। এগুলো উদ্ধারে প্রশাসনকে সহায়তা করায় তিনি আমার বিরুদ্ধে লেগেছেন।’
সাংসদ কারও জমি দখল করেননি উল্লেখ করে জাফর আলম বলেন, মোজাফফরের সঙ্গে তাঁর প্রতিবেশীর সমস্যা চলছে। কিন্তু সেখানে সাংসদকে জড়ানো হচ্ছে। এ ছাড়া মোজাফফর এলাকা ছাড়া নন। এক সপ্তাহ আগেও তিনি এলাকায় এসেছিলেন বলে দাবি করেন সাংসদ জাফর।
কক্সবাজার-১ আসনের সাংসদ জাফর আলমের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে দ্বন্দ্ব পুরোনো। গত বছরের জুন মাসে সাংসদ নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে গালাগালি করার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার জেরে দলে স্থানীয়ভাবে উত্তেজনা ছড়ায়। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তখন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সাংসদ জাফর আলমকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর সাংসদের অনুসারীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে রাখেন। পরবর্তী সময়ে দুই পক্ষকেই কেন্দ্র থেকে ডাকা হয়।
এ ছাড়া তৃতীয় ও চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন ও চিরিঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অনেক কম ভোট পেয়ে হেরেছেন। দলীয় নেতা–কর্মীদের অভিযোগ ছিল, সাংসদ জাফরের ভয়ে কৈয়ারবিলে দলের প্রার্থীর পক্ষে কেউ কাজ করেনি। অপর দিকে চিরিঙ্গা ইউনিয়নে বিজয়ী বিদ্রোহী প্রার্থী হচ্ছেন সাংসদের আত্মীয়।
আজকের সংবাদ সম্মেলেন যুবলীগ নেতা মোজাফফর হোসেন এসব বিষয়ও তুলে ধরেন। সংবাদ সম্মেলনে যুবলীগ নেতার মা, স্ত্রী এবং মামি উপস্থিত ছিলেন।