হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের রাজনীতি আবর্তিত হচ্ছে সাংসদ মো. আবু জাহিরকে ঘিরে। তাঁর বাসা থেকেই পরিচালিত হয় দলের কার্যক্রম। এখানে তাঁর কথাই শেষ কথা বলে মনে করা হয়। দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে এ কথা জানা গেছে।
অবশ্য হবিগঞ্জ-৩ (সদর-লাখাই) আসনের সাংসদ আবু জাহির ২০১৩ সালে সম্মেলনের মধ্য দিয়েই জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এর আগে তিনি টানা ১০ বছর দলের সাধারণ সম্পাদক ছিলেন। ১০ বছর পর অনুষ্ঠিত সর্বশেষ সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ-বানিয়াচং) আসনের সাংসদ আবদুল মজিদ খান। তিনি আগের ১০ বছর ছিলেন সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে। সম্মেলনে মোট আটটি পদে নেতা নির্বাচন করা হয়। এঁরা পরে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।
এ কমিটিতে হবিগঞ্জের নারী সাংসদ আমাতুল কিবরিয়া চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, সাবেক সহসভাপতি সুন্দর আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল কাদির লস্কর, সৈয়দ গাজিউর রহমান, রফিক মোল্লা, মজিবুর রহমান, আলী আহম্মদসহ অনেক পুরোনো নেতাই জেলা কমিটিতে স্থান পাননি।
অভিযোগ রয়েছে, পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে দলের সভাপতি ও সাংসদ মো. আবু জাহিরের পছন্দ-অপছন্দই বেশি গুরুত্ব পেয়েছে। এ ছাড়া হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনে সাংসদ আবু জাহিরের নিজ গ্রাম সদর উপজেলার রিচির বাসিন্দা নেতাদের আধিক্য রয়েছে। এর মধ্যে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম অন্যতম।
অবশ্য সাংসদ আবু জাহির দাবি করেন, যাঁরা দলের জন্য কাজ করে আসছেন, তাঁরাই কমিটিতে স্থান পেয়েছেন। এখানে তাঁর পছন্দ-অপছন্দের কিছু নেই। এটি ধারাবাহিক প্রক্রিয়া, যাঁরা ভালো করবেন, ভবিষ্যতে সুযোগ পাবেন। আর রিচি গ্রামের প্রাধান্য সম্পর্কে সাংসদের ভাষ্য, গ্রাম কোনো বিষয় নয়। সবাই নিজ নিজ যোগ্যতায় বিভিন্ন পদে এসেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় নেতা বলেন, সাংসদের একক নিয়ন্ত্রণ ও আধিপত্যের কারণে তাঁকে খুশি রাখার দিকেই নেতা-কর্মীদের অনেকের মনোযোগ। ফলে এখানে সাংগঠনিক কার্যক্রমে আগ্রহ নেই এসব নেতা-কর্মীর। অনেকে আবার হতাশ হয়ে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এখানে জেলা আওয়ামী লীগের কার্যালয় থাকলেও, সেটা বেশির ভাগ সময়ই বন্ধ থাকে। সাংসদ এলাকায় থাকলে তাঁর বাসা ঘিরেই নেতা-কর্মীদের ভিড় থাকে। কারও কোনো খবর থাকে না।
এভাবে দলে এক ব্যক্তির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পাওয়ায় মাঠপর্যায়ের অনেক নেতা-কর্মীর মধ্যেই অসন্তোষ আছে। তবে কেউই এ বিষয়ে নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি।
সাংসদ আবু জাহির দলে একক নিয়ন্ত্রণ ও আধিপত্যের অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, দলের সাংগঠনিক কর্মকাণ্ড জেলা কার্যালয়ে হয়। তিনি যেহেতু নির্বাচিত জনপ্রতিনিধি, তাঁর কাছে ও তাঁর বাসায় লোকজন আসে।