সাংসদ বিদেশ গিয়েছিলেন তাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে সাংসদ আবুল কালাম আজাদ বিদেশ সফর শেষে গতকাল নির্বাচনী এলাকায় আসলে নেতা–কর্মীরা মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করেন l প্রথম আলো
নাটোরে সাংসদ আবুল কালাম আজাদ বিদেশ সফর শেষে গতকাল নির্বাচনী এলাকায় আসলে নেতা–কর্মীরা মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করেন l প্রথম আলো

শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ মো. আবুল কালাম। গতকাল শনিবার তিনি দেশে ফেরার পর নেতা-কর্মীরা দেড় শ মাইক্রোবাস ও সাড়ে আট শ মোটরসাইকেলের এক বিশাল বহর নিয়ে শোভাযাত্রাসহ তাঁকে বাড়ি পৌঁছে দিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শ্রীলঙ্কার প্রাথমিক শিক্ষাব্যবস্থা সম্পর্কে ধারণা পেতে সাত দিনের সফরে সেখানে গিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পাঁচ সদস্যসহ নয়জন। এই কমিটির সদস্য হিসেবে সাংসদ আবুল কালামও ছিলেন ওই দলে। সফর শেষে গতকাল বেলা ১১টায় দেশে ফেরেন তিনি। বিমানবন্দর থেকে সাংসদ সরাসরি নিজের নির্বাচনী এলাকার উদ্দেশে রওনা হন। বিকেল চারটায় তিনি বড়াইগ্রামের বনপাড়ায় পৌঁছালে লালপুর ও বাগাতিপাড়া এলাকা থেকে সেখানে আসা কয়েক হাজার নেতা-কর্মী তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ১৫২টি মাইক্রোবাস ও ৮৫০টি মোটরসাইকেলের বহর নিয়ে শোভাযাত্রাসহ লালপুরের দিকে রওনা হন তাঁরা। গাড়িবহর ওয়ালিয়া, গোপালপুর ও লালপুর হয়ে সাংসদের আবদুলপুরের বাড়িতে পৌঁছায়।
গাড়িবহরের একটি মাইক্রোবাসের চালক সুজন আলী বলেন, লালপুর ও আশপাশের শহর থেকে শুধু লালপুর উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা ১১৪টি মাইক্রোবাস ভাড়া করেছেন। বাকি মাইক্রোবাসগুলো বাগাতিপাড়া উপজেলার নেতা-কর্মীরা ভাড়া করেছেন।
বহরের অন্য একটি মাইক্রোবাসের চালক মৃদুল হোসেন বলেন, মাইক্রোবাসগুলো লালপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গোপালপুর সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি ফিরোজ আল হক ভূঁইয়া ভাড়া করেছেন।
প্রত্যক্ষদর্শী ওয়ালিয়া বাজারের মাজেদুল ইসলাম বলেন, তিনি কৌতূহলবশত শোভাযাত্রার মোটর–সাইকেল গুনে দেখেছেন বহরে ৮৫০টির বেশি মোটরসাইকেল ছিল।
শোভাযাত্রার কারণ জানতে চাইলে লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন সাংবাদিকদের বলেন, সাংসদ প্রাথমিক ও গণশিক্ষা-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন। সাত দিন পর তিনি দেশে ফেরায় কর্মী-সমর্থকেরা তাঁকে দেখতে ও শুভেচ্ছা জানাতে নিজ উদ্যোগে গাড়িবহর নিয়ে শোভাযাত্রার আয়োজন করেছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী বলেন, ‘দুই উপজেলার কর্মী-সমর্থকেরা নেতার প্রতি তাঁদের ভালোবাসার বহিঃপ্রকাশ করতেই নিজ নিজ উদ্যোগে শোভাযাত্রায় অংশ নিয়েছেন।’ গাড়িভাড়ার খরচ দলিল লেখক সমিতির সভাপতি দিয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এ তথ্য সঠিক নয়। কর্মী-সমর্থকেরা নিজ নিজ খরচে গাড়ি নিয়ে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন।’
গাড়িবহর নিয়ে শোভাযাত্রার আয়োজন সম্পর্কে জানতে চাইলে সাংসদ আবুল কালাম বলেন, এটা দলীয় কোনো আয়োজন নয়। তাঁর প্রতি ভালোবাসা থেকেই নেতা-কর্মীরা ব্যক্তিগতভাবে এ আয়োজন করেন।
তবে সচেতন নাগরিক কমিটি নাটোর জেলার একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নেতারা যে যেভাবেই বলুন না কেন, ঘটনাটি বাড়াবাড়ির পর্যায়ে পড়ে। কারণ, নিছক বিদেশ সফরের জন্য কাউকে লাখ লাখ টাকা খরচ করে ঢাকঢোল পিটিয়ে শুভেচ্ছা জানানোর প্রয়োজন নেই।