সাংসদ মোছলেমকে সতর্ক করল ইসি
আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারে অংশ নেওয়া চট্টগ্রাম–৮ (বোয়ালখালী–চান্দগাঁও) আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমেদকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার নির্বাচন সচিবালয় থেকে এক চিঠি পাঠিয়ে তাঁকে সতর্ক করা হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে সাংসদেরা যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন না, তা ধারাসহ উল্লেখ করা হয়েছে। আচরণবিধি ভঙ্গ করা অপরাধ বলে চিঠিতে জানানো হয়। এ ছাড়া নির্বাচনী প্রচারে অংশ না নেওয়ার কথাও পুনর্ব্যক্ত করা হয়।
বোয়ালখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সাংসদ মহোদয়কে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। কমিশন থেকে পাঠানো চিঠিতে তাঁকে নির্বাচনী প্রচারে অংশ না নিতে বলা হয়েছে। প্রচার–প্রচারণায় সাংসদদের অংশ না নেওয়ার বিধি পুনর্ব্যক্ত করা হয়েছে। সাংসদ এখন এলাকায় নেই। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীকে দিয়ে সাংসদের চিঠিটি রিসিভ করিয়েছি।’
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোছলেম উদ্দিন আহমেদ বোয়ালখালীর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের প্রচারকাজে অংশ নিয়ে তাঁদের জন্য ভোট প্রার্থনা করছেন।
গত বৃহস্পতিবার অহল্লা করলডাঙা ইউনিয়নে মনছুর আলমের জন্য ভোট চেয়ে বিএনপির প্রার্থী হামিদুল হক মান্নানকে হুমকিও দিয়েছেন। এ নিয়ে শনিবার প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘নির্বাচনের দিন আমি থাকব, কার কতটা কেশ আছে, আমি দেখে নেব’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।