সাংসদ লতিফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ-আইসিটির দুই মামলা
বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) আইনে আজ মঙ্গলবার আরও দুটি মামলা করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ফরিদ আলম রাষ্ট্রদ্রোহের মামলাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এবং আইসিটির মামলাটি পাঁচলাইশ থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন।
আজ ফৌজদারি দণ্ডবিধির ১২৪/এ ধারায় রাষ্ট্রদ্রোহ আইনে মামলা করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কে এম বেলায়েত হোসেন। আর আইসিটি আইনের ৫৭ ধারায় অভিযোগ করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাইফুদ্দীন আহমেদ। সাইফুদ্দীন গত বৃহস্পতিবার আরেকটি মামলা করেছিলেন। তাঁর করা এক হাজার কোটি টাকার ওই মানহানির মামলাটি পুলিশ তদন্ত করছে। এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুর রহিম গত রোববার আরেকটি মানহানির মামলা করলে আদালত সেটিও তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
কে এম বেলায়েত হোসেনের আইনজীবী রনি কুমার দে প্রথম আলোকে বলেন, ‘আদালত দুটি অভিযোগ আমলে নিয়ে রাষ্ট্রদ্রোহ মামলাটি কোতোয়ালি থানার ওসিকে এবং তথ্যপ্রযুক্তি আইনের মামলাটি পাঁচলাইশ থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন। এর আগেও সাংসদ লতিফের বিরুদ্ধে একই ঘটনায় দুটি মানহানির মামলা হয়। আদালতের নির্দেশে ওই দুটি মামলার তদন্ত করছে পুলিশ।’
গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সফরের সময় স্থানীয় সাংসদ এম এ লতিফ আগ্রাবাদ ও বিমানবন্দর সড়কে অসংখ্য ফেস্টুন লাগানোর ব্যবস্থা করেন। এসব ফেস্টুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। কিন্তু ছবিতে বঙ্গবন্ধুর শারীরিক কাঠামো পরিবর্তন করার কারণে বিতর্ক শুরু হয়। ছবিতে বঙ্গবন্ধুর পায়ে হালফ্যাশনের স্নিকার ছাড়াও লম্বা পাঞ্জাবি ও চাপা পায়জামা পরিধানে দেখানো হয়েছে। এ কারণে সাংসদ লতিফের বিরুদ্ধে চট্টগ্রামে গত কয়েক দিন ধরে ধারাবাহিক কর্মসূচি পালিত হচ্ছে।
এদিকে, বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার প্রতিবাদে আজ মঙ্গলবার নগরের বক্সিরহাট আনসার ক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সচেতন ছাত্র সমাজের ব্যানারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন মো. দিদারুল আলম। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, জাতির জনকের প্রতিচ্ছবি বিকৃতভাবে উপস্থাপন করে সাংসদ লতিফ পাকিস্তানের প্রতি নিজের আনুগত্য প্রকাশ করেছেন। বঙ্গবন্ধুকে নিয়ে ধৃষ্টতা জাতি মানবে না। এর জবাবদিহি তাঁকে করতেই হবে।