সাংসদ লতিফের শাস্তি চাইল নগর ১৪ দল
বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃতভাবে উপস্থাপন করার জন্য সাংসদ এম এ লতিফের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন চট্টগ্রাম নগর ১৪ দলের নেতারা। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও ১৪ দলের সমন্বয়ক এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে এ দাবি জানানো হয়।
গতকাল সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো ১৪ দলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসভবনে বিকেলে ওই সভা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘এম এ লতিফ স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর বিশ্বস্ত অনুচর ও অর্থ জোগানদাতা। আওয়ামী লীগের সাংসদ হওয়ার পরও তিনি অন্তরে পাকিস্তানকেই ধারণ করেছেন। এবার নিজের পাকিস্তানি পোশাক পরা ছবির সঙ্গে বঙ্গবন্ধুর মুখমণ্ডলের ছবি বসিয়ে চরম স্পর্ধা প্রদর্শন করেছেন। তাঁর এই ঔদ্ধত্যপূর্ণ অপকর্ম ক্ষমার অযোগ্য।’
সভায় সাংসদ লতিফের অতীত ও বর্তমান কর্মকাণ্ডের তদন্ত এবং তাঁর অপরাধমূলক কর্মকাণ্ড জাতির সামনে উন্মোচন করার জন্য গোয়েন্দা সংস্থার প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, ‘চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে এম এ লতিফ তাঁর আখের গোছানোর ঢাল হিসেবে ব্যবহার করেছেন।’
সভায় বক্তব্য দেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম, ন্যাপ সাধারণ সম্পাদক আলী আহামদ, জাসদের নগর কমিটির নগর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ওয়ার্কার্স পাটি সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদ, সাম্যবাদী দলের অমূল্য বড়ুয়া, গণ-আজাদী লীগের মাওলানা নজরুল ইসলাম আশরাফী, জাতীয় পার্টি (জেপি) আজাদ দোভাষ, তরীকত ফেডারেশনের কাজী মো. আহসানুল মোর্শেদ কাদেরী, ন্যাপ নেতা মিটুল দাশগুপ্ত প্রমুখ।
সভা সম্পর্কে জানতে চাইলে গতকাল রাতে এ বি এম মহিউদ্দিন চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার জন্য সাংসদ লতিফের শাস্তি দাবি করেছি। পাশাপাশি তাঁর জামায়াত কানেকশন উন্মোচনের দাবি জানিয়েছি।’