সাংসদ লাঞ্ছনার বিষয়কে সাজানো বললেন কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে সাংসদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সাংবাদিকদের সাজানো-গোছানো বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল রোববার জাতীয় ঈদগাহ গেটের সামনে অননুমোদিত এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে এ দাবি করেন তিনি।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রথমে সেতুমন্ত্রী কোনো মন্তব্য করতে চাননি। পরে তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি পরিবার। এই পরিবারের সদস্যদের শাসন করার অধিকার আমার রয়েছে। কিন্তু তাঁর (সাংসদ ছানোয়ার হোসেন) গায়ে হাত দেওয়ার অধিকার আমার নেই। আর সেটা সংসদ সদস্য বলেননি। সেখানে কোনো সাংবাদিক ছিল না। ওটা কোনো আনুষ্ঠানিক সভাও ছিল না। এটাকে সাজিয়ে-গুছিয়ে লেখা হয়েছে। যেখানে সংসদ সদস্য অস্বীকার করেছেন, সেটাকে নিয়ে এত তেতো বানানোর কোনো প্রয়োজন ছিল না।’
উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সফর শেষে ১৮ ফেব্রুয়ারি রাতে টাঙ্গাইলের যমুনা রিসোর্টের পদ্মা রেস্ট হাউসে যাত্রাবিরতি করেন ওবায়দুল কাদের। সেখানে টাঙ্গাইল-৫ আসনের সাংসদ ছানোয়ার হোসেনকে মন্ত্রী তিনটি চড় ও ঘুষি মারেন।
এদিকে রায় হলেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন—বিএনপির নেতা মওদুদ আহমদের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমি বুঝি না বিএনপির নেতারা কেন ধরেই নিয়েছেন মামলায় বেগম জিয়ার দণ্ড হবে।’
গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে পরিবহনের ভাড়া বাড়বে কি না—এমন প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধিতে পরিবহনে একটা প্রতিক্রিয়া আসে। এ বিষয়ে বিআরটিএর একটি কমিটি আছে। তারা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক করে ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত নেয়।