সাংসদ লিয়াকতকে ক্ষমা চাওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের জাতীয় পার্টির সাংসদ লিয়াকত হোসেনকে ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার। গতকাল শনিবার সংবাদ সম্মেলন করে তিনি এ আহ্বান জানান।
সোনারগাঁয়ের উদ্ধবগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে লিখিত বক্তব্যে আবদুল্লাহ আল কায়সার বলেন, সাংসদ লিয়াকত হোসেন ২৭ জানুয়ারি পৌরসভার একটি কারিগরি বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, পৌরসভা নির্বাচনের পর এবার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও শয়তানদের বিতাড়িত করা হবে।
গত পৌরসভা নির্বাচনে সাংসদ লিয়াকত হোসেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হন।
আবদুল্লাহ আল কায়সার আরও বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে এ ধরনের কুরুচিপূর্ণ ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের কারণে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
লিয়াকত হোসেনের উদ্দেশে আবদুল্লাহ আল কায়সার বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাঁধে ভর না করে নিজের দলের নেতা-কর্মীদের নিয়ে রাজনৈতিক চর্চা করুন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে বিভাজন সৃষ্টি না করে জাতীয় পার্টির প্রার্থিতা ঘোষণা করে নিজের জনপ্রিয়তা যাচাই করুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় আপনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
লিয়াকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে এ ধরনের বক্তব্য দিইনি। রাজনৈতিক উদ্দেশে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’