সাংসদ শওকত চৌধুরীর দুর্নীতির প্রতিবাদে আ.লীগের সমাবেশ
নীলফামারী-৪ আসনের জাপার সাংসদ ও বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরীর বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা, ঘুষ গ্রহণ ও নিয়োগ-বাণিজ্যের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সমাবেশ করেছে আওয়ামী লীগের সৈয়দপুর উপজেলা ও পৌর শাখা।
সৈয়দপুর শহরের তামান্না মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপজেলা শাখার সভাপতি আব্বাস আলী। বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার সম্পাদক মোখছেদুল মোমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, আওয়ামী লীগের নেতা সাখাওয়াত হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক জোবায়দুল ইসলাম, কৃষিবিষয়ক সম্পাদক কাজী আবদুল লতিফ, মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোস্তফা ফিরোজ প্রমুখ।
নিয়োগ-বাণিজ্য, বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে জাপার মনোনীত এই সাংসদের বিরুদ্ধে সমাবেশে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে।
বক্তারা বলেন, নির্বাচনী এলাকা সৈয়দপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পিয়ন থেকে প্রভাষক নিয়োগে সাংসদ অর্থ নিচ্ছেন। এর ফলে মেধার অবমূল্যায়ন করা হচ্ছে। তাঁরা সাংসদের বিরুদ্ধে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ নিয়োগে মাহফুজার রহমানের কাছ থেকে ১৫ লাখ টাকা, একই কলেজের আলমগীর সরকার বিজু নামের এক প্রভাষকের কাছ থেকে ১৪ লাখ টাকা, পিয়ন পদে ফরহাদের কাছ থেকে ৫ লাখ টাকা, সৈয়দপুর মহাবিদ্যালয়ে পিয়ন কাম নৈশপ্রহরী পদে সিদ্দিকের কাছ থেকে ৭ লাখ টাকা, সৈয়দপুর ও কিশোরগঞ্জে সোলার প্যানেল স্থাপনে অর্থ আত্মসাৎসহ অনিয়মের অভিযোগ করেন।
এ ব্যাপারে শওকত চৌধুরী বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ প্যানেলে সবার পরীক্ষা নেওয়া হবে ও মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। এলাকায় দৃশ্যমান কাজ করা হচ্ছে। এতে গাত্রদাহ হয়েছে অনেকের।’