সাংসদ হাচানুরের বিরুদ্ধে মামলা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শওকত হাচানুর রহমান
শওকত হাচানুর রহমান

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনা-২ আসনের সরকারদলীয় সাংসদ শওকত হাচানুর রহমানের বিরুদ্ধে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত মামলা করেনি পুলিশ। ৮ মার্চ তাঁর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার বিজয় বসাক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘এই মাত্র ইসির চিঠি পেয়েছি। এখন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সাংসদ হাচানুর ৫ মার্চ বেতাগী সদর ইউপিতে কিসমত ভোলানাথপুর ও কেওড়াবুনিয়া এলাকায় পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন উদ্বোধন করেন। ৬ মার্চ গণমাধ্যমে এ খবর প্রকাশের পর ৮ মার্চ ইসি তাঁর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলার সিদ্ধান্ত নেয়। পরে পুলিশ সুপারকে মামলার নির্দেশনা দেয় ইসি।
গত রোববার জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো ইসির উপসচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সাংসদ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর তাঁর নির্বাচনী এলাকায় বিদ্যুতের সঞ্চালন লাইন উদ্বোধন করে নির্বাচন বিধিমালা ২০১৬-এর সুস্পষ্ট লঙ্ঘন করেছেন। এ জন্য ৩১ বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা করার জন্য জেলা পুলিশ সুপারকে অনুরোধ করা হলো এবং নির্দেশনা বাস্তবায়ন করে তা ইসিকে অবহিত করতে বলা হলো।
এদিকে হাচানুর রহমান গতকাল সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, ‘আমি নির্বাচনে প্রচার-প্রচারণা চালাই, এটা পারলে কেউ প্রমাণ করুক।’ তাহলে রাতে কেন নির্বাচনী এলাকায় যান—জানতে চাইলে তিনি বলেন, ‘একজন সাংসদ তাঁর নির্বাচনী এলাকায় যেতে পারবে না, এমন কোনো বাধানিষেধ নির্বাচনী আচরণবিধিতে আছে নাকি!’