সাংসদকে অবাঞ্ছিত ঘোষণা আ.লীগের
ফেনী-৩ আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্যাকে তাঁর নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে আওয়ামী লীগ। এদিকে সাংসদকে লাঞ্ছিত করার প্রতিবাদে ডাকা হরতাল আংশিকভাবে পালিত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যায় ফেনী সার্কিট হাউসে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সাংসদ রহিম উল্যাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। একই দিন বিকেলে দাগনভূঞা উপজেলা সদরসহ তিনটি স্থানে সাংসকে শুভেচ্ছা জানিয়ে নির্মিত তোরণে অগ্নিসংযোগ ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে সাংসদের কর্মসূচি পণ্ড করে দেওয়া হয়। সাংসদকে লাঞ্ছিত করার প্রতিবাদে তাঁর সমর্থকেরা ফেনী-৩ নির্বাচনী এলাকায় (সোনাগাজী ও দাগনভূঞা) রোববার হরতালের ডাক দেয়।
গতকাল বিকেলে সোনাগাজী উপজেলা সদরে আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মিছিল-সমাবেশে সাংসদ রহিম উল্যার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে তাঁকে সোনাগাজীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পরে সাংসদের কুশপুত্তলিকা দাহ করা হয়।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক হীরণ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামছুল আরেফিন, জহিরুল আলম ও শাখাওয়াতুল হক।
এ ছাড়া দাগনভূঞা উপজেলা সদরেও আওয়ামী লীগের উদ্যোগে মিছিল-সমাবেশ করে সাংসদ রহিম উল্যাহকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম সাংসদকে তাঁর নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে গতকাল সাংসদ-সমর্থকদের ডাকা হরতাল সোনাগাজীতে আংশিকভাবে পালিত হয়েছে। ফেনী-সোনাগাজী সড়কে অটোরিকশা ও রিকশা চলাচল করলেও অন্য যানবাহন চলেনি। সাংসদের বাড়ি সোনাগাজীর সোনাপুর ও মুহুরী প্রকল্প এলাকার সব দোকানপাট বন্ধ ছিল। তবে উপজেলা সদরে দোকানপাট খোলা ছিল। এদিকে দাগনভূঞায় হরতালের কোনো প্রভাব পড়েনি।
হরতালের সমর্থনে সোনাগাজী সদরে পিকেটিংয়ের সময় সাংসদের সমর্থক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আফসার, আওয়ামী লীগের কর্মী আবদুর রহিম খোকন, শাহাব উদ্দিন, নুরুল আলম, নুরুল কবির ও নুর আলমকে পুলিশ আটক করে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. ছালেহ সাতজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।