সাংসদকে ইঙ্গিত করে বক্তব্য, যুবলীগ নেতা অবাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার সাংসদ এনামুল হককে ইঙ্গিত করে বক্তব্য দেওয়ায় জেলা যুবলীগের সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাংশ গত বৃহস্পতিবার এ ঘোষণা দেয়।
দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলা যুবলীগের উদ্যোগে চানপাড়ায় বঙ্গবন্ধু জাদুঘর কমপ্লেক্সে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ প্রধান অতিথি ছিলেন। ইফতার শুরুর আগে তিনি স্থানীয় সাংসদ এনামুল হককে ইঙ্গিত করে বিষোদ্গার করেন। সাংসদের নাম উল্লেখ না করে তিনি বলেন, বাগমারায় এক রাক্ষসের আবির্ভাব ঘটেছে, যিনি সরকারি ধান-চাল বিক্রি করে পেট ভরছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় লোককে সভাপতি নিয়োগ দিয়ে লাখ লাখ টাকার বাণিজ্য করেছেন। ভবিষ্যতে এই রাক্ষসকে প্রতিহত করতে হবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত যুবলীগের একাংশের নেতা-কর্মীরা করতালি দিয়ে প্রধান অতিথির এ বক্তব্যকে সমর্থন দেন। এর পর আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম বক্তব্য দেন।
এদিকে সন্ধ্যার পর এ খবর জানতে পেরে সাংসদের অনুসারী কর্মী-সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। রাত নয়টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা উপজেলা সদরের ভবানীগঞ্জে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ভবানীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর নিউমার্কেটের সামনে এসে শেষ হয়। এখানে বক্তব্য দেন আওয়ামী লীগের উপজেলা শাখার সহসভাপতি মতিউর রহমান, সহ-প্রচার সম্পাদক ফরহাদ হোসেন, ভবানীগঞ্জ পৌরসভা শাখার সভাপতি মেয়র আবদুল মালেক মণ্ডল, ছাত্রলীগের ভবানীগঞ্জ কলেজ শাখার সভাপতি নাদিরুজ্জামান প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, জেলা যুবলীগের সভাপতি দলের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে বাগমারায় এসেছিলেন। তিনি আওয়ামী লীগের ও সাংসদের বিরুদ্ধেও বিষোদ্গার করেছেন। তাঁকে বাগমারায় অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাজেদুর রহমান বলেন, তাঁর (আবু সালেহ) এমন বিষোদ্গার করা ঠিক হয়নি। তাঁর উচিত এ বক্তব্য প্রত্যাহার করা।
অভিযোগ অস্বীকার করে আবু সালেহ বলেন, তিনি সাংসদকে ইঙ্গিত করে কোনো বক্তব্য দেননি। অবাঞ্ছিত ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, দু-চারটা লোকের অবাঞ্ছিত কথা রাজনৈতিক ভাষা। এতে কিছু যায়-আসে না।
এদিকে গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ভবানীগঞ্জ বাজারে জেলা যুবলীগের সভাপতির পক্ষে স্থানীয় ৫০ জন নেতা-কর্মী মিছিল বের করেন। মিছিলটি বাজারের অলিগলি প্রদক্ষিণ করে। পরে জিরো পয়েন্টে শেষ হয়।