সাংসদকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ-৪ আসনের সাংসদ ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম ওরফে আনারকে সংগঠনবিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগে কারণ দর্শাও নোটিশ দিয়েছে জেলা আওয়ামী লীগ।
গত সোমবার জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আবদুল হাই ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান স্বাক্ষরিত ওই নোটিশ দেওয়া হয়। নোটিশে বলা হয়, সাংসদ আনোয়ারুল আজিম এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ওরফে ঠান্ডুর উপস্থিতিতে ৭ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় হামলা চালানো হয়। সাংসদের তিন শতাধিক সন্ত্রাসী হামলা চালিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমানকে ‘চার্জ’ করাসহ জেলা আওয়ামী লীগের সদস্য ইসরাইল হোসেন, কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনন্দ মোহন ঘোষ, রায়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণ চক্রবর্তী, পৌর কাউন্সিলর রেজাউল ইসলাম, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনসহ ২০-২৫ জনকে গুরুতর আহত করে। পরে হাসপাতালে আনন্দ মোহন মারা যান।
ওই ঘটনায় সাংসদ আনোয়ারুল আজিম ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকীকে কারণ দর্শাতে বলা হয়। জানতে চাইলে জাহাঙ্গীর সিদ্দিকী বলেন, তাঁরা চিঠি পেয়েছেন। যথাসময়ে জবাব দেবেন।
সাংসদ আনোয়ারুল আজিমের মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি।