সংসদ সদস্যকে একচোট শোনালেন নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভায় বগুড়া জেলা আওয়ামী লীগের নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়। ছবি: সোয়েল রানা
সভায় বগুড়া জেলা আওয়ামী লীগের নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়। ছবি: সোয়েল রানা

কেন্দ্রীয় নেতাদের সামনেই দলের বিশেষ বর্ধিত সভায় বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের দলীয় সংসদ সদস্য হাবিবর রহমানের বিরুদ্ধে বিএনপি-জামায়াত-প্রীতির অভিযোগ তুলে একচোট শুনিয়েছেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআই নুরুন্নবী তারিক।

দলের নতুন সদস্য সংগ্রহ ও পুরোনোদের সদস্যপদ নবায়ন উপলক্ষে আজ মঙ্গলবার বগুড়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহরের শহীদ টিটু মিলনায়তনে ওই বর্ধিত সভার আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথি ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বিশেষ অতিথি ছিলেন।

বেলা ১১টা থেকে এই সভা শুরু হয়ে ২টা পর্যন্ত চলে। বিভিন্ন পর্যায়ের নেতাদের বক্তব্য প্রদানের একপর্যায়ে বেলা একটার দিকে ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআই নুরুন্নবী বক্তব্য দেন।

কেন্দ্রীয় নেতাদের সামনেই নুরুন্নবী দলীয় সংসদ সদস্য হাবিবর রহমানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বলেন, সংসদ সদস্যের জামায়াত-বিএনপিপ্রীতির কারণে সংগঠন তছনছ হয়ে গেছে, ক্ষতবিক্ষত হয়েছে ধুনট উপজেলা আওয়ামী লীগ। এ সময় হাবিবর মঞ্চেই ছিলেন।

নুরুন্নবী অভিযোগ করেন, ২০০৮ সালের আগে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক ২৯ মামলার বাদী ছিলেন হাবিবরের শ্যালক ধুনট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্রশাসক আকতার আলম সেলিম। দল ক্ষমতায় এলেও এখন সংসদ সদস্যের শ্যালকের দাপটে দলীয় নেতা-কর্মীরা কোণঠাসা। তাঁর ছত্রচ্ছায়ায় এখনো দাপুটে নেতা তাঁর শ্যালক। জামায়াত-বিএনপির লোকজনকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দিয়ে সংসদ সদস্য পুনর্বাসন করেছেন বলে দাবি করেন তিনি।

নেতা-কর্মীদের নির্যাতনসহ জামায়াত-বিএনপিপ্রীতির এসব বিষয় তদন্ত করে সাংসদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান নুরুন্নবী তারিক।

উপজেলা সভাপতির এসব অভিযোগের বিষয়ে পরে মুঠোফোনে জানতে চাইলে হাবিবর রহমান প্রথম আলোকে বলেন, ‘বর্ধিত সভায় উপজেলা কমিটির সভাপতি বক্তব্য দেওয়ার সুযোগ পেলেও সাংসদ হয়েও সেখানে কথা বলার কোনো সুযোগ মেলেনি। যদি অভিযোগ খণ্ডানোর সুযোগ দেওয়া হতো, তবে আমি কেন্দ্রীয় নেতাদের সামনে বলতাম, ধুনট আওয়ামী লীগের সভাপতির সঙ্গে আমিও শতভাগ একমত। তবে দলীয় তদন্ত টিম গঠন করে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে এসব অভিযোগ তদন্ত করা হোক। যদি ন্যূনতম সত্যতা মেলে, তবে সাংসদের পদ থেকে দলীয় সভানেত্রীর কাছে আমি সেদিনই পদত্যাগপত্র জমা দেব।’

সাংসদ বলেন, ‘বিএনপি নেতা আখতার আলম শ্যালক হলেও তাঁর সঙ্গে পারিবারিক কোনো যোগাযোগ নেই। দলীয় নেতা-কর্মীর বিরুদ্ধে কোনো মামলার ব্যাপারে আমার কোনো সম্পৃক্ততা ছিল না। জামায়াত-বিএনপির কোনো নেতার সঙ্গে সখ্য থাকার অভিযোগও ভিত্তিহীন।’

সাংসদ বলেন, ‘কারও বিরুদ্ধে বদনাম করতে চাই না। তবে আট বছর ধরে সভাপতির পদে থেকেও নুরুন্নবী তারিকের সংগঠনে কোনো অবদান নেই।’

বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, নতুন সদস্য সংগ্রহের সময় সতর্ক থাকতে হবে, ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য আওয়ামী লীগের আদর্শবিরোধী সুযোগসন্ধানীরা যেন কোনোক্রমেই দলে ঢুকে না পড়ে। তিনি বলেন, আগামী নির্বাচন সামনে রেখে ভোটারদের কাছে আওয়ামী লীগের সাফল্য তুলে ধরতে হবে। আগামী নির্বাচন হবে নৌকার নির্বাচন। ব্যক্তি দেখে নয়, শেখ হাসিনা যাঁকে নৌকার মনোনয়ন দেবেন, তাঁকেই জয়লাভ করাতে হবে।’

সভায় অন্যদের মধ্যে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মকবুল হোসেনসহ অনেকে বক্তব্য দেন।