সাংসদকে দলীয় কার্যক্রমে বর্জনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সাংসদ মনোরঞ্জন শীল গোপালকে বর্জনের ঘোষণা দিয়েছে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকারিয়ার সভাপতিত্বে গতকাল রোববার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা যৌথ সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ দলীয় কার্যক্রমে সাংসদকে বর্জনের এ ঘোষণা দেয়।

সাংসদ মনোরঞ্জন শীলের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের কলেজের নাম পরিবর্তন করে নিজের নামে নামকরণ, এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ঠ, দলীয় নেতা-কর্মীদের অবজ্ঞা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে কাজ করে জামায়াত-বিএনপিকে বিজয়ী করা, বিদ্যুৎ, টিআর, কাবিখা ও নিয়োগে কোটি কোটি টাকার বাণিজ্যের অভিযোগ এনে তারা ওই ঘোষণা দেয়।

জাকারিয়া বলেন, পলাশবাড়ী ইউনিয়নে ২০০৯ সালে বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত একটি কলেজের নাম পরিবর্তন করে সাংসদ নিজের নামে এম এস গোপাল মডেল কলেজ করেন। সাংসদ কোটি কোটি টাকা ভারতে পাচার করে বাড়ি তৈরি করেছেন। তাই নেতা-কর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে সভায় দলীয় যাবতীয় কর্মসূচিতে সাংসদকে বর্জন করার ঘোষণা দেওয়া হয়। এসব বিষয়ে সভায় রেজল্যুশনের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তে সভায় উপস্থিত নেতা-কর্মীরা হাত তুলে সমর্থন দেন।

উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম সাংসদকে বহিরাগত উল্লেখ করে বলেন,মনোরঞ্জন শীলের বাড়ি বীরগঞ্জ বা কাহারোলে নয়। তিনি বরিশাল থেকে এসে বিহারিদের সঙ্গে জাগপা দল করতেন। সাংসদ মনোরঞ্জন ২০০৮ সালে সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে দলকে অবজ্ঞা করা শুরু করেন। তাঁর অনুগত লোকদের দিয়ে বিদ্যুৎ–সংযোগ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের নামে কোটি কোটি টাকা আদায়, জিআর, টিআর, কাবিখাসহ বিভিন্ন কর্মসূচির টাকা লুটপাট করছেন। সাংসদ বীরগঞ্জের শিতলাই মাদ্রাসায় টাকার বিনিময়ে উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খোদা বক্সকে চাকরি দেন। এ ছাড়া সাংসদ উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী দিয়ে বেশির ভাগ দলীয় প্রার্থীকে পরাজিত করিয়েছেন। এলাকায় সাম্প্রদায়িকতার বীজ বুনছেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন বলেন, বীরগঞ্জ-কাহারোলে সাংসদ মনোরঞ্জন শীল দলীয় নেতা–কর্মী নিধন চালাচ্ছেন। দলীয় প্রার্থীকে হারিয়ে জামায়াতের প্রার্থীকে জয়ী করেছেন।

উপজেলা যুবলীগেরসভাপতি নুরিয়াস সাঈদ বলেন, সাংসদ বিভিন্ন সভায় দলীয় নেতা-কর্মীদের দেখে নেওয়ার হুমকি দেন। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নিজপাড়া ইউনিয়নে তিনি (নুরিয়াস সাঈদ) দলীয় প্রার্থী ছিলেন। সাংসদ প্রকাশ্যে বিএনপির প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে তাঁকে বিজয়ী করেছেন।

উপজেলা কৃষক লীগের সভাপতি শিবলী সাদিক বলেন, সাংসদ দলীয় নেতা-কর্মীদের মামলায় জর্জরিত করছেন। ত্যাগী নেতাদের বাদ দিয়ে ভুঁইফোড়, বহিরাগতদের প্রতিষ্ঠিত করছেন। ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি-জামায়াতের যাঁরা তাণ্ডব চালিয়েছেন, সাংসদ তাঁদের চাকরি দিয়ে পুরস্কৃত করছেন।

পাল্টাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মমিনুল ইসলাম শাহ বলেন, ইউপি নির্বাচনে সাংসদ বিএনপি প্রার্থীর পক্ষ নিয়ে তাঁকে পরাজিত করেন। শুধু তাই নয়, তিনি ইউনিয়নের সন্‌কাদ্বিমুখী উচ্চবিদ্যালয়ে ভোটের মাধ্যমে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন। ওই নির্বাচনে তাঁর প্রতিপক্ষ ছিলেন সাংসদের স্ত্রী গীতা রানী শীল। এতে ক্ষিপ্ত হয়ে সাংসদ তাঁর বিরুদ্ধে মামলা দেওয়াসহ বিভিন্নভাবে হয়রানি করছেন।

সভা শেষে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সাংসদের কুশপুত্তলিকা দাহ করেন।

এ বিষয়ে সাংসদ মনোরঞ্জনের সঙ্গে গতকাল রাতে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংসদ তাঁর বিরুদ্ধে আনা অনিয়ম, দুর্নীতির বিষয়ে সাংবাদিকদের তদন্ত করার অনুরোধ করেন। এ ছাড়া তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে কোনো কলেজের নামকরণ করার দুঃসাহস আমার নাই।’

যৌথ সভার সিদ্ধান্তের বিষয়ে সাংসদ মনোরঞ্জন বলেন, দলে অনেকেই মনোনয়নপ্রত্যাশী থাকতে পারেন। তবে এটা সাংগঠনিকভাবে মোকাবিলা করতে হবে।