সুনামগঞ্জের ধরমপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এতে স্থানীয় সাংসদকে প্রধান অতিথি করায় কলেজ শাখা ছাত্রলীগের একাংশ ওই সম্মেলন বর্জন করেছে।
কলেজ শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, কোন্দলের জের ধরে কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত। এর মধ্যে গতকাল দ্বিবার্ষিক সম্মেলন ডাকা হয়। এ নিয়ে দুই দিন আগে থেকেই মাইকিং করা হচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি করা হয় স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতনকে। এ অবস্থায় উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আলমগীর কবীর, সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক এস এ বিলকিস-সমর্থিত কলেজ শাখা ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী এ সম্মেলন বর্জন করেন।আওয়ামী লীগের এসব নেতাকে অতিথি না করায় তাঁরা এই সম্মেলন বর্জন করেন।
সম্মেলন উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী। সন্ধ্যা পৌনে সাতটায় কমিটি গঠন ছাড়াই ধরমপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। কলেজ শাখা ছাত্রলীগের অন্য অংশের নেতা-কর্মীরা সম্মেলন বর্জন করে বেলা তিনটায় বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান মাওলার সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী বলেন, ‘কলেজ শাখা ছাত্রলীগের একাংশের সম্মেলন বর্জন করার বিষয়টি আমাদের জানা নেই। সম্মেলনে সভাপদি পদে চারজন ও সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থী হওয়ায় কারও নাম ঘোষণা করা সম্ভব হয়নি।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ বিলকিস বলেন, ‘সাংসদ রতন সাহেবকে প্রধান অতিথি করায় কলেজ শাখা ছাত্রলীগের অধিকাংশ নেতা-কর্মী ওই সম্মেলন বর্জন করে মিছিল করেছেন বলে জানতে পেরেছি।’
স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলনে আমি উপজেলা আওয়ামী লীগের সব নেতাকেই দাওয়াত দিতে বলেছিলাম। কিন্তু দাওয়াত পাওয়ার পরেও কোনো কোনো নেতা সেখানে যাননি।’