সাংসদকে সংবর্ধনার পরদিন আ.লীগের পাল্টা সমাবেশ
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চরখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্প অনুমোদন হওয়ায় গত সোমবার বিকেলে মঠবাড়িয়ায় স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীকে সংবর্ধনা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ মিছিল সমাবেশ করে সাংসদের সমালোচনা করেছে।
সাংসদ রুস্তম আলী ফরাজী এখন কোনো দলে নেই। আগে তিনি এ আসনে বিএনপির এবং তার আগে জাতীয় পার্টির সাংসদ ছিলেন।
২০ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চরখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কটি উন্নয়ন ও প্রশস্ত করার জন্য ১০৪ কোটি ৭৭ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন হয়। প্রকল্পটি অনুমোদন হওয়ায় সোমবার বিকেলে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাংসদ রুস্তম আলী ফরাজীকে দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের উদ্যোগে মঠবাড়িয়া ডাকবাংলো চত্বরে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ রুস্তম আলী ফরাজী বলেন, ‘আমি বারবার সংসদে উত্থাপন করে চরখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কটি একনেকে অনুমোদন করিয়েছি।’
উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গতকাল বেলা ১১টার দিকে শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাবেশ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সহসভাপতি ফারুকউজ্জামান ও আরিফ উল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, একনেকের সভায় চরখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক উন্নয়নে প্রকল্প অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। এ জন্য সাংসদ রুস্তম আলী ফরাজীর কোনো কৃতিত্ব বা অবদান নেই।
২০১৩-১৪ অর্থবছর থেকে ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সাংসদের অনুকূলে বরাদ্দকৃত প্রকল্পগুলোর টাকা ঠিকাদারের যোগসাজশে সাংসদ লোপাট করেন বলে অভিযোগ করা হয়। সমাবেশ শেষে সাংসদের অনুকূলে বরাদ্দকৃত প্রকল্পগুলোর কাজের দুর্নীতি তদন্তের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী বদরুল আলম বলেন, প্রকল্পগুলোর বিরুদ্ধে অনিয়মের লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।