সাংসদকে সোনার কোটপিন, চার খুনের আসামি আ.লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাংসদ নজরুল ইসলাম বাবুকে সোনার নৌকাখচিত কোটপিন উপহার দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন বিএনপির নেতা আবুল বাশার ওরফে কাশু। আবুল বাশার স্থানীয় আওয়ামী লীগের চার কর্মী খুনের মামলার প্রধান আসামি।
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিলেও ‘নেত্রীর নির্দেশে দলের ভোট বাড়াতেই’ এই যোগদান করানো হয়েছে বলে সাফাই গেয়েছেন সাংসদ নজরুল ইসলাম।
গত সোমবার রাতে আড়াইহাজার উপজেলার গোপালদি বাজার মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে কয়েক শ নেতা-কর্মী নিয়ে আবুল বাশার আওয়ামী লীগে যোগ দেন। এ সময় তিনি ফুলের তোড়া ও নৌকাখচিত সোনার কোটপিন সাংসদ নজরুলকে পরিয়ে দেন। এ সময় মাইকে ঘোষণা দেওয়া হয়, কোটপিনে তিন ভরি সোনা রয়েছে। চার খুনের মামলার আরেক আসামি সদাসদি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক মেম্বারও যোগ দেন ওই অনুষ্ঠানে। গোপালদি পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল হাশেম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, ২০০২ সালের মার্চ মাসে তৎকালীন বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় আড়াইহাজার উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামের ছোট ভাই আওয়ামী লীগের কর্মী বারেক, ফুফাতো ভাই বাদল এবং ফারুক ও কবীরকে নির্যাতন করার পর আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আবুল বাশার ওই চার খুনের মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। এ মামলা আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কে এম ফজলুর রহামান জানান, ২ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটির বিচারকাজ চলছে। সাক্ষ্য গ্রহণ শেষে এখন যুক্তিতর্ক চলছে। এই চার খুনের মামলার প্রধান আসামি আবুল বাশার।
আবুল বাশার আওয়ামী লীগে যোগদান করায় ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে আড়াইহাজার উপজেলার নেতা-কর্মীদের মধ্যে। দলটির নেতা-কর্মীদের অনেকেই ওই যোগদান অনুষ্ঠান বয়কটও করেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, চার খুনের মামলা থেকে বাঁচতে সাংসদ নজরুলকে হাত করতেই আবুল বাশার আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আর সাংসদ নজরুল নিজের ক্ষমতা বাড়ানো এবং এলাকায় একক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য এই যোগদান করিয়েছেন।
এ ব্যাপারে সাংসদ নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আবুল বাশার ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। তিনি দু্ই হাজার লোক নিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। নেত্রীর (শেখ হাসিনা) নির্দেশ অনুযায়ী আওয়ামী লীগের ভোট বাড়াচ্ছি আমি।’