সাংসদদের নিয়ে ভয়ে দুই প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচন
পৌরসভা নির্বাচন

বাগেরহাটের মোরেলগঞ্জ ও সদর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থী দল নিয়েই ভয়ে আছেন। উভয় প্রার্থী স্থানীয় রাজনীতিতে সাংসদবিরোধী বলয়ের থাকায় তাঁরা চাপে রয়েছেন বলে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে।
স্থানীয় নেতা-কর্মীরা জানান, বাগেরহাট সদর পৌরসভায় খান হাবিবুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন পেলেও সেখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনা হাসিবুল হাসান। এই বিদ্রোহী প্রার্থীর পক্ষ নিয়েছেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি খান মুজিবুর রহমান। স্থানীয় সাংসদ মীর শওকত আলীরও বিদ্রোহী প্রার্থীর প্রতি নেপথ্য সমর্থন আছে বলে কেউ কেউ জানিয়েছেন।
অন্যদিকে মোরেলগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মনিরুল হক তালুকদারের সঙ্গে স্থানীয় সাংসদ মোজাম্মেল হোসেনের দীর্ঘ বিরোধ রয়েছে। এই পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী না থাকলেও জাতীয় পার্টির প্রার্থী সোমনাথকে সাংসদের সমর্থক নেতা-কর্মীরা সহায়তা দিচ্ছেন বলে জানা গেছে।
উভয় পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী ও কর্মীদের সরকারি দলের প্রার্থী ও তাঁদের সমর্থকদের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানতে চাইলে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, স্থানীয় রাজনীতির কারণে মোরেলগঞ্জ পৌরসভায় দলীয় প্রার্থী মনিরুল হকের সঙ্গে সাংসদ মোজাম্মেল হোসেনের সম্পর্ক ভালো নয়। তিনি শাহাবুদ্দিনের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠিয়েছিলেন। কিন্তু কেন্দ্র মনোনয়ন দিয়েছে মনিরুল হক তালুকদারকে।
বাগেরহাট সদর: স্থানীয়ভাবে কথা বলে জানা গেছে, সদর পৌরসভার বর্তমান মেয়র খান হাবিবুর রহমান একসময় মিনা হাসিবুল হাসানকে বিএনপি থেকে আওয়ামী লীগে আনেন। হাবিবুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়ে এখন পৌরসভায় মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
জানতে চাইলে খান হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সাংসদ (মীর শওকত আলী বাদশা) তাঁকে ইন্ধন দিচ্ছেন কি না জানি না। তবে সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবুর রহমান তাঁকে ইন্ধন দিচ্ছেন।’
জানতে চাইলে মিনা হাসিবুল হাসান বলেন, ‘আমি নির্বাচন করবই। পৌর যুবলীগ ও ছাত্রলীগ, জেলা ছাত্রলীগ ও পৌর আওয়ামী লীগের একটা অংশ আমার পক্ষে।’ খান হাবিবের কর্মীদের বিরুদ্ধে তাঁর কর্মীদের হুমকি-ধমকির অভিযোগ তুলে তিনি বলেন, ‘আমি ২৮ বছর ধরে এই শহরে মাস্তানি করে বেড়াই, নির্বাচিত হই বা না হই, নির্বাচন শেষে আরও ২৩ বছর মাস্তানি করব। মানুষ তাঁর (খান হাবিব) অত্যাচার থেকে বাঁচতে চায়।’
জানতে চাইলে বাগেরহাট সদর আসনের সাংসদ মীর শওকত আলী বলেন, তিনি কোনো প্রার্থীকে সমর্থন দিচ্ছেন না। জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বিদ্রোহী প্রার্থীকে বসানোর উদ্যোগ নিলে তিনি তাঁদের সহযোগিতা করবেন।
বাগেরহাট সদর পৌরসভায় বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই। দৃশ্যত এই পৌরসভায় দল মনোনীত প্রার্থী কে এম আবদুল হাইয়ের পক্ষে দলের সবাই ঐক্যবদ্ধ। জানতে চাইলে আবদুল হাই বলেন, ‘আমি মনোনয়ন চাইনি, মনোনয়ন যে পাব জানতাম না। দলের সবাই আমার পক্ষে।’ তাঁর অভিযোগ, আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকেরা বিএনপির কর্মীদের হুমকি দিচ্ছেন। এমনকি তাঁর বাড়ির সামনে এসে গালিগালাজ করছেন।
মোরেলগঞ্জ পৌরসভা: আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরেই স্থানীয় সাংসদ মোজাম্মেল হোসেনের সঙ্গে মনিরুল হক তালুকদারের বিরোধ আছে। গত পৌরসভা নির্বাচনে সাংসদ সমর্থক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হককে হারিয়ে তিনি মেয়র হন। পরে গত ৫ জানুয়ারির নির্বাচনে মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে মনিরুল হক স্বতন্ত্র নির্বাচন করেন। এই ঘটনায় তাঁকে দল থেকে স্থানীয়ভাবে বহিষ্কার করা হয়।
দলীয় সূত্র জানায়, মোজাম্মেল হোসেন কেবল শাহাবুদ্দিনের নাম সুপারিশ করে কেন্দ্রে পাঠান। মনিরুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে তাঁর সুপারিশে উল্লেখ করা হয়। কিন্তু কেন্দ্রীয় আওয়ামী লীগ মনিরুল হককে মনোনয়ন দেয়।
আওয়ামী লীগের স্থানীয় নেতারা জানান, এই পৌরসভায় দলের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। তবে জাতীয় পার্টি থেকে সোমনাথ দে নির্বাচন করছেন। তাঁদের মতে, মোজাম্মেল সমর্থকেরা নেপথ্যে সোমনাথকে সমর্থন দিচ্ছেন।
সাংসদ মোজাম্মেল হোসেন বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তবে তাঁর সমর্থক বলে পরিচিত পৌর আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন তালুকদার প্রথম আলোকে বলেন, ‘আমি মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু মনিরুল হক তালুকদার মনোনয়ন পেয়েছেন। দল তাঁর পক্ষে ঐক্যবদ্ধ নয়। মোজাম্মেল হোসেন তাঁকে পছন্দ করেন না। সোমনাথ দলের একটা অংশের ভোট পাবেন।’
জানতে চাইলে মনিরুল হক তালুকদার বলেন, মোজাম্মেল হোসেনের সঙ্গে তাঁর বিরোধ গত পৌরসভা নির্বাচন থেকে। তিনি বলেন, ‘সাংসদ নৌকা প্রতীক নিয়ে জিতেছেন। আশা করি, তিনি নৌকা প্রতীকের পক্ষে থাকবেন। আর বিরোধিতা করলে নৌকার কিছু হবে না। নির্বাচনে এর প্রভাব পড়বে না।’